কাটিগড়ায় আসছেন অমিত শাহ, প্রস্তুতির খোঁজ নিলেন প্রতিমন্ত্রী অজয় ও সাংসদ পরিমল

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : আগামী ২০ ফেব্রুয়ারি কাছাড় জেলার কাটিগড়ায় সফরে আসছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর আগমনকে কেন্দ্র করে কাটিগড়ার নতানপুর এলাকায় জোরকদমে চলছে প্রস্তুতি। অনুষ্ঠানস্থল প্রস্তুত করতে দিন-রাত এক করে কাজ করছেন শতাধিক শ্রমিক। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে প্রশাসন এবং দলীয় কর্মীরা ব্যস্ত সময় পার করছেন।

প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করতে বুধবার নতানপুরে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় তামতা এবং শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তাঁরা অনুষ্ঠানস্থলের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সফরসূচি অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন এবং একটি বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন। ওই জনসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এই সফরকে ঘিরে কাটিগড়া জুড়ে রাজনৈতিক মহলে তীব্র উৎসাহ পরিলক্ষিত হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *