ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থা তৃতীয়বারের মতো সুধেন্দু পাল (ভেন্ডু) মেমোরিয়াল প্রাইজ মানি সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ কাম নক আউট টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে ১৯ ফেব্রুয়ারি থেকে। সোমবার ডিএসএ-র তুলসী দাস স্মৃতি সভাকক্ষে সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন সভাপতি শিবব্রত দত্ত, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, ক্রিকেট শাখা সচিব নিরঞ্জন দাস, সচিব (মেজর) অরিজিৎ গুপ্ত ও স্পনসরার পরিবারের পক্ষে সুদীপ্তা পাল।
আয়োজক কর্মকর্তারা জানান, টুর্নামেন্টে ৮টি গ্রুপে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। অংশ নেয়া দলগুলোর মধ্যে রয়েছে গ্রুপ ‘এ’ মর্নিং ক্লাব শিলচর উদয়ন সংঘ ও সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। গ্রুপ ‘বি’তে রয়েছে সুরভি মালুগ্রাম, ক্লাসমেট ইউনিয়ন ও কল্লোল সংঘ। গ্রুপ ‘সি’ তে টাউন বয়েজ ক্লাব, পপুলার ক্লাব ও দেশবন্ধু ক্লাব। গ্রুপ ‘ডি’ তে শিলচর স্পোর্টিং ক্লাব, অগ্রগামী ক্লাব ও মধ্য শহর এসএস। গ্রুপ ‘ই’তে বেঙ্গল বয়েজ ক্লাব, সন অফ ইন্ডিয়া ও স্পিরিট অফ ইন্ডিয়া। গ্রুপ ‘এফ’এ বিবেকানন্দ স্পোর্টিং , অ্যাপোস্টাল ক্লাব ও অরুণাচল এসএস। গ্রুপ ‘জি’তে সোনাই ক্লাব, তরুণ বয়েজ ক্লাব ও ইলেভেন স্টার ক্লাব। শেষ গ্রুপ ‘এইচ’ – য় রয়েছে গণসুর ক্লাব, তারাপুর এসি ও প্রথম পল্লী ক্লাব।
প্রতিযোগিতার লিগ ম্যাচ গুলো ইন্ডিয়া ক্লাব মাঠে এবং নক আউট ম্যাচ কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল অবধি ডিএসএ-র সতীন্দ্রমোদের মেমোরিয়াল স্টেডিয়ামে হবে। ২০ অভারে লাল বল সাদা ড্রেসে খেলা হবে। প্রতিদিন দু’টি করে ম্যাচ থাকছে। এরমধ্যে দু’টি গ্রাউন্ডে ৪টি করে ম্যাচ হবে যথাক্রমে ২৪-২৭ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচ বেঙ্গল বয়েজ ক্লাব মুখোমুখি হবে সন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। সকাল সাড়ে আটটায় শুরু হবে ম্যাচ। দিনের অপর ম্যাচ খেলতে নামবে সুরভি মালুগ্রাম ও ক্লাসমেট ইউনিয়ন। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল হবে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি। সেমিফাইনাল হবে ২ মার্চ। ফাইনাল ৬ মার্চ।
এদিকে, গতবারের মতো প্রতিযোগিতার পুরস্কার মূল্য ধার্য রয়েছে। সেই হিসেবে ট্রফি সমেত চ্যাম্পিয়ন দল পাবে ১৫ হাজার টাকা এবং রানার্স আপ দল পাবে নগদ ১০ হাজার টাকা। ব্যক্তিগত পুরস্কারের মধ্যে ম্যান অব দ্যা সিরিজ, ম্যান অব দ্যা ফাইনাল ম্যাচ, বেস্ট ব্যাটসম্যান ও বেস্ট বোলারকে দেয়া ট্রফি সহ ১৫০০ টাকা করে।



