আগরতলায় অল্পের জন্য রক্ষা পেল রাজধানীর লেক

Spread the news

১৪ ফেব্রুয়ারি : ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল রাজধানীর লেক চৌমুহনী বাজার। দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায় গোটা বাজার এলাকা।

জানা গেছে, আগুনের সূত্রপাত হয় আস্তাবল ব্রিজের নিচে জমে থাকা আবর্জনার স্তুপ থেকে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের নিচে জমে থাকা ময়লা পরিষ্কার করতে গিয়ে কে বা কারা আগুন লাগায়। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাজার এলাকার দিকে অগ্রসর হতে থাকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।

কিছুক্ষণের মধ্যেই অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। আগরতলা হেড অফিস ও কুঞ্জবন ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়।

স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য, সময়মতো দমকল কর্মীরা না এলে আগুন সহজেই বাজারের দোকানপাটে ছড়িয়ে পড়তে পারত এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। দমকলের দ্রুত পদক্ষেপে একটি সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে স্বস্তি প্রকাশ করেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *