মতিনগরে শুরু ভুবন তীর্থ যাত্রীমেলা

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : বরাক উপত্যকার ঐতিহ্যবাহী তীর্থস্থান ভূবন তীর্থের বহু প্রতীক্ষিত ভুবন তীর্থ যাত্রীমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হল। মতিনগর হয়ে পাহাড়ে ওঠার গেট উদ্বোধনের মধ্য দিয়ে মেলার সূচনা করেন ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মতিনগর বাজার মেলা কমিটির সভাপতি ও ভুবন ভ্যালি টি গার্ডেনের সিনিয়র ম্যানেজার এজি ভট্টাচার্য, বিন্নাকান্দি–ভুবনহিল জেলা পরিষদের সদস্য কিষন রিকিয়াশন, দিদারখুশ ভূবনহিল জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অরিজিৎকুমার দাস, বিন্নাকান্দি মণ্ডলের সাধারণ সম্পাদক নিলটন রায়সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বরাক উপত্যকার অন্যতম প্রাচীন তীর্থস্থান হিসেবে ভুবন তীর্থের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর লক্ষাধিক ভক্ত ও তীর্থযাত্রী এখানে সমবেত হন। তীর্থযাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে রাস্তা, প্রবেশদ্বার এবং অন্যান্য পরিকাঠামোর উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ দিকে, মেলার প্রথম দিনেই মতিনগর বাজার ও সংলগ্ন এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মেলা পরিচালনার লক্ষ্যে প্রশাসন ও মেলা কমিটির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *