পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগে উত্তপ্ত ডলু চা-বাগান, মৃতদেহ নিতে অস্বীকার পরিবারের

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : বিদ্যুৎ চুরির অভিযোগে গ্রেফতার এক যুবকের পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বড়খলা বিধানসভার অন্তর্গত ডলু চা-বাগান এলাকা। বৃহস্পতিবার রাত থেকে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মৃত যুবকের নাম রাজেশ মির্দা। স্থানীয়দের অভিযোগ, গত সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ বাড়ির পাশের একটি মুদি দোকান থেকে বড়খলা থানার পুলিশ রাজেশকে আটক করে নিয়ে যায়। পরিবারের দাবি, গ্রেফতারের বিষয়ে তাঁদের স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার হঠাৎই পুলিশ রাজেশের মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে চাইলে ক্ষুব্ধ পরিবার তা গ্রহণ করতে অস্বীকার করে। তাঁদের অভিযোগ, পুলিশ হেফাজতেই রাজেশের মৃত্যু হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

ঘটনার প্রতিবাদে শতাধিক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *