কাছাড়ের হজযাত্রীকে স্মারক সম্মাননা ‘খোঁজ’-র

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : ২০২৬ সালে হজযাত্রী ৩৭০ জন হজযাত্রীকে সম্মান জানানো শিলচরের সুপরিচিত সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা ‘খোঁজ’। মর্কজে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিয়্যান্ট মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের এমডি কমরুল ইসলাম মজুমদার। উপস্থিত ছিলেন মুখ্য অতিথি এমসিডি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরী। এছাড়াও মঞ্চে ছিলেন হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষচন্দ্র দত্ত, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান সুজন দত্ত, সমাজকর্মী ডাঃ ইকবাল বাহার, সীমান্ত ভট্টাচার্য, আল হীরা স্কুলের সচিব মনসুর আলম, শিলচর হজ ফেয়ার সোসাইটির সভাপতি রেজাউল করিম বড়ভূইয়া সহ আরও অনেকে।

স্বাগত ভাষণে সভাপতি কমরুল ইসলাম মজুমদার বলেন, হজ শুধু ব্যক্তিগত ইবাদত নয়, দেশের জন্য দোয়া করারও এক পবিত্র সুযোগ। মক্কা থেকে ফিরে এসে যেন আমরা সবাইকে নিয়ে শান্তিতে চলতে পারি। পরিতোষচন্দ্র দত্ত বলেন, হজ মানুষকে শিখিয়ে দেয় শৃঙ্খলা, সংযম আর সহমর্মিতা। শান্তিতে সবাইকে নিয়ে চলার নামই ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই আবেগ ছড়িয়ে দেন মুম্বাই থেকে আগত মাস্টার ট্রেনার মওলানা হোসেন আহমেদ মজুমদার। ‘লাব্বাইক’ ধ্বনিতে মর্কজ ভবনের পরিবেশ হয়ে ওঠে যেন এক মুহূর্তে মক্কার সান্নিধ্য। তিনি বলেন, খোঁজ গত দশ বছর ধরে অসহায় মানুষের বন্ধু হয়ে কাজ করছে। হজযাত্রীদের সম্মান জানাতে এত বড় আয়োজন শিলচরে আগে দেখা যায়নি।

সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে জানান, গত দশ বছর ধরে হজযাত্রীদের এই সম্মাননা প্রদানের পেছনে সংস্থার উদ্দেশ্য হল ধর্মীয় যাত্রার আগে তাঁদের মানসিক প্রস্তুতি ও সামাজিক সংহতিকে আরও দৃঢ় করা। পাশাপাশি ‘খোঁজ’ কীভাবে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে, তাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী কল্যাণ কুমার চক্রবর্তী, খোঁজ-এর সভাপতি ডাঃ এম মাসুম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শেষে আয়োজন করা হয় প্রীতিভোজ। হজযাত্রীদের আপ্যায়নে সহযোগিতা করেন কমরুল ইসলাম মজুমদার, মনসুর আলম, মাম্পি লস্কর, সুমিত লস্কর, রেজওয়ান খান, শাহনওয়াজ চৌধুরী, রাজু লস্কর, সজল লস্কর সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *