ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : শিলচর ডিএসএ আয়োজিত প্যারামাউন্ট স্কুল কাপ সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে অভিযান শুরু করল টাউন ক্লাব। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এদিন ইটখলা স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে পরাজিত করে তারা। টস জিতে প্রথমে ব্যাট নিয়ে মাঠে নামে ইটখলা স্পোর্টিং। কিন্তু ২৯.৫ ওভারে মাত্র ১১৪ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে ইটখলা এসি। দলের আয়ুষ আগরওয়াল ৩৬, দিবাকর গোয়ালা ২৪, রোহিত ধোবি ১৫, শুভম দেব ১০ ও রোহিত দেব ১০ রান করেন। টাউন ক্লাবের রোশন আলম একাই তিনটি উইকেট শিকার করেন। এছাড়া সাহিল হাসান লস্কর ও দানীশ আহমেদ লাভ করেন দু’টি করে উইকেট।
রান তাড়া করতে নেমে ২৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে টার্গেট সহজেই অতিক্রম করে নেয় টাউন ক্লাব। তাদের রাজু দাস ৪৫, রেহান জামিল মজুমদার ২২. ইয়াসির আলি (অপরাজিত) ১৭ ও সমীর সিনহা করেন (অপরাজিত) ১৬ রান। এদিনের ম্যাচের সেরা রোশনের হাতে ট্রফি তুলে দেন ডিএসএ-র ফুটবল শাখা সচিব তথা টাউন ক্লাবের সচিব বিকাশ দাস।



