বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলায় সোমবার চা-বাগানের শ্রমিক ও শ্রমিক পরিবারের জন্য প্রস্তাবিত ভূমি বন্দোবস্ত প্রক্রিয়ার ফর্ম বিতরণ করা হয়। এই উপলক্ষে গোপালকৃষ্ণ চা-বাগানের রঙ্গমঞ্চে আয়োজিত ফর্ম বিতরণী অনুষ্ঠানে মরিগাঁও কেন্দ্রের বিধায়ক তথা ভৈয়াম জনজাতি উন্নয়ন নিগমের অধ্যক্ষ রমাকান্ত দেউরি মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকেন। সভায় কয়েকজন শ্রমিককে আনুষ্ঠানিকভাবে ফর্ম বিতরণ করে বিধায়ক দেউরি বলেন, সরকারের এই পদক্ষেপের উদ্দেশ্য হলো প্রায় ২০০ বছর ধরে অসম ও অসমের উন্নয়ন যাত্রার অংশীদার চা-বাগানের শ্রমিকদের জন্য একটি মর্যাদাপূর্ণ জীবন সুনিশ্চিত করা। সভায় জেলা কমিশনার অনামিকা তেওয়ারিয়ে তার ভাষণে চা-বাগানের শ্রমিকদের ফর্ম পূরণ করে সময়মতো জমা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কোনো কারণে যাতে শ্রমিকরা এই ফর্মের নামে টাকার লেনদেন বা অসাধু লোকের প্ররোচনায় না পড়ে।

সভায় জেলা পরিষদের সভানেত্রী প্রণতি কলিতা ডেকা, অতিরিক্ত জেলা কমিশনার অনুসূয়া শর্মা, জাগীরোডের সমজেলা কমিশনার হৃদয়কুমার দাস, জেলা শ্রম আধিকারিক জুয়েল তিরকি পাশাপাশি বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের অংশ হিসাবে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার ডিব্রুগড় জেলার চাবুয়ার দিনজয় চা-বাগানে অনুষ্ঠিত ফর্ম বিতরণী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়। মরিগাঁও জেলার ৪০৮টি শ্রমিক পরিবারকে প্রস্তাবিত ভূমি বন্দোবস্ত প্রক্রিয়ার অধীনে ফর্ম প্রদান করা হয়। আগামীকাল থেকে পরবর্তী ৩ দিন গোপালকৃষ্ণ চা-বাগান আদর্শ বিদ্যালয়ে এই ফর্মগুলো জমা দিতে পারবে।



