কৌশিকের মন্তব্যের নিন্দা, লাল কার্পেট দিয়ে গৌরবকে অভ্যর্থনা জানাবে শিলচর কংগ্রেস 

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : সাংসদ তথা অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ ইস্যুতে রাজ্যের রাজনৈতিক হাওয়া তুঙ্গে। মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনকে ‘ফ্লপ শো’ তকমা দিয়ে গৌরব গগৈয়ের পাকিস্তান সফর ইস্যুতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র প্রায় আড়াই ঘণ্টার সাংবাদিক সম্মেলনকে কড়া ভাষায় আক্রমণ করল শিলচর জেলা কংগ্রেস। রাজ্য রাজনীতিতে ক্রমশ তীব্র হয়ে ওঠা এই বিতর্কে পাল্টা অবস্থান স্পষ্ট করলেন কংগ্রেস নেতৃত্ব। অস প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায় এবং শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রদেশ কংগ্রেসের সম্পাদক অভিজিৎ পাল মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনকে “ফ্লপ শো” বলে অভিহিত করেন।

এদিনের সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতারা দাবি করেন, গৌরব গগৈ অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রীর “চোখের ঘুম উড়ে গেছে”। তাঁদের অভিযোগ, গৌরব গগৈয়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় অস্বস্তিতে পড়েই মুখ্যমন্ত্রী ভিত্তিহীন ও অসংলগ্ন মন্তব্য করছেন। কংগ্রেসের বক্তব্য, “গৌরব গগৈয়ের জনপ্রিয়তা থেকেই মুখ্যমন্ত্রীর অস্বস্তি। রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকতেই মিথ্যা প্রচার চালানো হচ্ছে।”

এদিকে, মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পর রাজ্যজুড়ে প্রতিবাদের ঢেউ ওঠে। শিলচরেও গতকাল মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে তিনি বলেন, বরাকে গৌরব গগৈ প্রবেশ করলে তার প্রতিবাদ জানানো হবে।
মন্ত্রী কৌশিক রায়ের এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেস নেতৃত্ব জানায়, “কংগ্রেস ভয় পায় না এবং কংগ্রেসিরা হাতে চুড়ি পরে রাজনীতি করে না।” তাঁরা আরও স্পষ্ট করে বলেন, আগামী দিনে গৌরব গগৈ বরাকে এলে শিলচর বিমানবন্দর থেকেই ‘লাল কার্পেট’ বিছিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *