বরাক তরঙ্গ, মরিগাঁও, ৭ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলার লাহরিঘাট বিদ্যুত উপ-সংমণ্ডলের অধীন কাঠনি গ্রামে ১ সপ্তাহ ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে রয়েছে। এই বৃহৎ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় ওই অঞ্চলের মেট্রিক পরীক্ষার্থীদের মধ্যে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জানা গেছে, লাহরিঘাটের কাঠনি গ্রামে বিদ্যুৎ ট্রান্সর্ফামার বিকল হওয়ায় বিগত এক সপ্তাহ ধরে রাত্রি বেলায় সম্পূর্ণ গ্রামটি অন্ধকার হয়ে যায়। আসন্ন মেট্রিক পরীক্ষার জন্য কাঠনি গ্রামের প্রায় শত শত পরীক্ষার্থী মেট্রিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে , তবে নদী ভাঙনগ্রস্থ কাঠনি গ্রামে দরিদ্র পরিবারের পরিক্ষার্থীদের বর্তমান সময়ে গ্রামে বিদ্যুৎ নাথাকায় পড়াশোনায় ব্যাঘাত জন্মায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিগত এক সপ্তাহে বিদ্যুৎ নাথাকায় কিছু মেট্রিক পরীক্ষার্থীরা মোমের আলোতে পড়াশোনা করছে বলে স্থানীয়রা সাংবাদিকদেরকে জানান।
স্থানীয় জনতা অভিযোগ করে বলেন, এই সম্পর্কে লাহরিঘাট বিদ্যুৎ উপ-সংমণ্ডল কার্যালয়ে এক সপ্তাহ আগে অবগত করেন তারা। তবে এই সম্পর্কে লাহরিঘাট বিদ্যুৎ উপ -সংমণ্ডল কার্যালয়ে এখন পর্যন্ত কোনও রকম ব্যবস্থা গ্রহণ করেননি। এদিকে, এই ঘটনা সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন মেট্রিক পরীক্ষার্থীদের অভিভাবকরা।



