বাম বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক দেবজ্যোতি দাস আর নেই

বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : ভাগাবাজার বাম বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দেবজ্যোতি দাস (বিশু স্যার) আর নেই। শনিবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬০ বছর।

গত ৩১ জানুয়ারি তিনি দীর্ঘ কর্মজীবন শেষে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন। অবসরের দিন বাড়ি ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবার প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাচ্ছিল। আজ দুপুরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত সন্ধ্যা সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, দক্ষিণ ধলাইয়ের হাওয়াইথাং বাজারের বাসিন্দ দেবজ্যোতি দাস  ১৯৮৮ সালে ঐতিহ্যবাহী ভাগাবাজার বাম বিদ্যাপীঠ হাইস্কুলে শিক্ষকতা জীবনের সূচনা করেন। দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে তিনি শুধু গণিতের শিক্ষকতা করেনি তিনি গড়ে তুলেছেন মানুষ, গড়ে তুলেছেন চরিত্র, শিখিয়েছেন শৃঙ্খলা, সততা ও জীবনের সঠিক দিকনির্দেশ। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন এক অনুপ্রেরণার নাম। সহকর্মীদের কাছে ছিলেন সদালাপী, ভদ্র ও সহানুভূতিশীল এক আদর্শ মানুষ। তাঁর ব্যবহার ছিল অমায়িক, হৃদয়বান ও পিতৃতুল্য।
তাঁর আকস্মিক মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই বিদ্যালয় প্রাঙ্গণ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং পরিচিত মহলে নেমে আসে গভীর শোকের ছায়া।

প্রয়াত শিক্ষকের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্কুলের বর্তমান অধ্যক্ষ শামসুল হক  বড়ভূইয়া সহ বর্তমান সময়ে কর্মরত শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সহ স্কুল পরিচালন সমিতি, স্কুলের অ্যালুমিনি কমিটি সহ  অনেকেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *