“সামাজিক সপ্তাহ” অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : শুক্রবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হলো শিলচর রাধামাধব কলেজের “সামাজিক সপ্তাহ” অনুষ্ঠান। এদিন দুপুর ১২ ঘটিকায় কলেজের অডিটোরিয়াম হলে আয়োজিত “সামাজিক সপ্তাহ” অনুষ্ঠানে পৌরহিত্য করেন উপাধ্যক্ষ ডঃ রাহুল চক্রবর্তী । এদিনের অনুষ্ঠানে বিগত সপ্তাহব্যাপী কলেজ কর্তৃপক্ষ দ্বারা আয়োজিত খেলাধূলার ইনডোর ও আউটডোর গেমস এর বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের শংসাপত্র ও স্মারক সম্মননা দিয়ে পুরস্কৃত করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী, রাধামাধব কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস সেলের আহ্বায়ক ড. কালীপদ দাশ, রাধামাধব কলেজ সাংস্কৃতিক সেলের আহ্বায়ক তথা দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. রুমা নাথ চৌধুরী, মহিলা সেলের আহ্বায়ক ড. নবনিতা দেবনাথ, প্রাক্তন অধ্যক্ষ ড. দেবাশিস রায়, অশিক্ষক কর্মচারী পিটার নোয়া রংমাই সহ কলেজের অন্যান্য শিক্ষক ও অশিক্ষক কর্মচারীবৃন্দ। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শবনম সারংশা। 

নিজের বক্তব্যে উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী বলেন খেলাধূলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রতি বছর কলেজে সামাজিক সপ্তাহ পালন করা হয়। তাছাড়া ছাত্র ছাত্রীদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে তাও প্রকাশ করার মাধ্যমে হচ্ছে সামাজিক সপ্তাহ। উপাধ্যক্ষ বলেন, শিক্ষক হিসেবে ৩১ বছর ধরে তিনি রাধামাধব কলেজে চাকুরি করছেন এবং সামাজিক সপ্তাহ অনুষ্ঠান সম্পর্কে অনেক ধারণা রয়েছে তার। শুধু তাই নয় এই কলেজে ১৯৮৫-১৯৮৬ সালে ছাত্র হিসেবে সামাজিক সপ্তাহ অনুষ্ঠানে সবসময়ই অংশ নিয়েছেন  এবং তখনকার সময়ে খেলাধুলার পাশাপাশি গান, আবৃত্তি ও নাটক প্রতিযোগিতা হতো আজকাল এগুলো নেই। তিনি আশাবাদী আগামী বছর গুলিতে খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গান, আবৃত্তি ও নাটক প্রতিযোগিতা অন্তর্ভুক্ত করা হবে। এবারের সামাজিক সপ্তাহ অনুষ্ঠানকে সফল রূপ প্রদানের জন্য রাধামাধব কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস সেলের কনভেনর ড. কালীপদ দাশ, সাংস্কৃতিক সেলের কনভেনর ডঃ রুমা নাথ চৌধুরী, মহিলা সেলের আহ্বায়ক ডঃ নবনিতা দেবনাথ সহ অন্যান্য শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাধ্যক্ষ ডঃ রাহুল চক্রবর্তী।

এদিকে, কলেজের গেমস অ্যান্ড স্পোর্টস সেলের কনভেনর ড. কালীপদ দাশ বলেন আমরা সামাজিক সপ্তাহ অনুষ্ঠান পালন করি শুধুমাত্র পুরস্কার পাওয়ার জন্য নয় বরং এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে একদিকে যেমন ছাত্র ছাত্রীদের মেধার বিকাশ ঘটে তেমনি ভাল ও চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। শুক্রবার শিলচরে এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন রাধামাধব কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস সেলের সদস্য কমলেশ দাশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *