দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : শহরের লিঙ্ক রোড এলাকায় ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ অত্যন্ত ধীরগতিতে চলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল। তিনি সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের দ্রুত কাজ সম্পন্ন করার জোরালো আহ্বান জানান। দীর্ঘদিন ধরে লিঙ্ক রোড এলাকায় জলাবদ্ধতার সমস্যা নিরসনে প্রায় ৫৫০ মিটার দীর্ঘ ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ শুরু হলেও অগ্রগতি সন্তোষজনক নয় বলে অভিযোগ তুলেন তিনি। কাজের এই শ্লথ গতিতে ক্ষুব্ধ হয়ে অভিজিৎ পালের নেতৃত্বে কংগ্রেসের একদল কর্মী সরেজমিনে এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন।
পরিদর্শনকালে অভিজিৎ পাল বলেন, বৃহত্তর লিঙ্ক রোড এলাকা প্রতি বছর বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে। বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়—ঘরে বৃষ্টি জল ঢুকে যায়, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, শিশু ও বৃদ্ধদের সবচেয়ে বেশি কষ্ট সহ্য করতে হয়। প্রতি বছরই এলাকাবাসীকে আন্দোলনে নামতে হচ্ছে। অথচ বর্ষা আসতে আর বেশি দেরি নেই। এই ধীরগতিতে কাজ চললে আবারও পুরো এলাকা প্লাবিত হবে, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”

পরিদর্শনের সময় উপস্থিত পিডব্লিউডি ও এপিডিসিএল দফতরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অভিজিৎ পাল দ্রুততম সময়ের মধ্যে নির্দিষ্ট মান বজায় রেখে কাজ শেষ করার দাবি জানান। সূত্রের খবর, কর্মকর্তারা কাজের গতি বাড়ানোর আশ্বাস দিয়েছেন। এদিনের পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন আইনজীবী শিবদাস দত্ত, প্রাক্তন শিলচর পুর কমিশনার রতন সরকার, সুভাষ রায়, সন্দীপন দাস, অর্কদীপ রায়চৌধুরী-সহ একাধিক কংগ্রেস কর্মকর্তা।



