মেঘালয়ে কয়লাখনিতে বিস্ফোরণকাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, কাটিগড়ার একই পরিবারের দু’জন সহ দশ জনের মৃত্যু

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : মেঘালয়ে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা হু হু বাড়ছে। ইতিমধ্যে সূত্রে জানা গেছে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০। নিহতদের মধ্যে বরাক উপত্যকার বেশ কয়েকজন থাকার আশঙ্কা করা হচ্ছে। এরমধ্যে কাটিগড়ার ১০ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সব শ্রমিকদের মধ্যে নাম, ঠিকানা পাওয়া গেছে ৭ জনের। তারা হলেন- কৃষ্ণ বৈষ্ণব (খেলমা), পুরঞ্জয় বৈষ্ণব (রাজ্যেশ্বপুর), মৃত্যুঞ্জয় বৈষ্ণব (রাজ্যেশ্বপুর), নিকুঞ্জ বৈষ্ণব(রাজপুর), ফারুক আহমদ (সরিষাকুড়ি),  দিলদার হোসেন (সরিষাকুড়ি) এবং আনোয়ার হুসেন (সরিষাকুড়ি)। এরমধ্যে দিলদার ও আনোয়ার একই পরিবারের, দুই ভাই। তাছাড়া কাটিগড়ার আরও ৩ জন শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন- কৃষ্ণ বৈষ্ণব (চণ্ডিপুর), বিষ্ণু বৈষ্ণব (চণ্ডিপুর) এবং রামচরণ বৈষ্ণব (খেলমা)। সুত্র মতে, কাটিগড়ার আরও প্রায় ১২জন শ্রমিকের সন্ধান পাওয়া যাচ্ছে না!

আহত কয়েকজনকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালেও নিয়ে আসা হয়। হাসপাতাল সুত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে, কাছাড় জেলা প্রশাসনের তরফে ঘটনাস্থলের উদ্দেশ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় রওয়ানা হয়েছেন কাটিগড়ার সার্কল অফিসার যাত্রাকান্ত কর্মকার।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার মেঘালয়ের তাছকুর ছুটাঙ্গা এলাকায় একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খননকাজ চলাকালীন আচমকা বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গেই পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *