বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : মণিপুরে এনডিএ-র নেতা হিসেবে নির্বাচিত বিজেপি বিধায়ক ইউমনাম খেমচান্দ সিং বুধবার দুপুরে ইম্ফলে পৌঁছান। বর্তমানে রাষ্ট্রপতির শাসন জারি থাকা অশান্ত রাজ্যটির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে খেমচান্দ সিংকে বিবেচনা করা হচ্ছে। তাঁকে স্বাগত জানাতে ইম্ফল বিমানবন্দরের বাইরে শতাধিক বিজেপি সমর্থক সমবেত হন। এরপর তিনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যে সরকার গঠনের দাবি জানান। সবকিছু ঠিকঠাক থাকলে আজই তিনি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার নয়াদিল্লিতে মণিপুরে নতুন সরকার গঠন প্রসঙ্গে রাজ্যের বিজেপি বিধায়কদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই ইউমনাম খেমচান্দ সিংকে বিধায়িনী দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এরপরই তিনি নয়াদিল্লি থেকে মণিপুরে পৌঁছান। তাঁর সঙ্গে বিজেপির অন্যান্য বিধায়ক এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এদিকে বিধায়িনী দলের নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে খেমচান্দ সিং বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি, মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি, শ্রী নীতিন নবীনজি, ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি এবং মণিপুরের সকল সম্মানিত বিজেপি বিধায়কের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। বিজেপি বিধানসভা দলের নেতা হিসেবে আমাকে নির্বাচিত করে আমার উপর আস্থা রাখার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই।”

চিংজামেই আসনের এই বিধায়ক আরও বলেন, তিনি এই দায়িত্ব ‘নম্রতা ও গভীর দায়বদ্ধতার সঙ্গে’ গ্রহণ করেছেন। খেমচান্দ সিং আরও বলেন, “আমার উপর যে আস্থা রাখা হয়েছে, তার মর্যাদা রক্ষায় আমি সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে কাজ করব এবং বিকশিত ভারত ও বিকশিত মণিপুরের দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে যাব। শান্তি, মর্যাদা এবং সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার লক্ষ্য। একই সঙ্গে সকল সম্প্রদায়ের মধ্যে সহানুভূতি, সম্প্রীতি ও সমন্বয় গড়ে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের বৈচিত্র্যকে সম্মান জানিয়ে ঐক্যকে আরও সুদৃঢ় হয়।



