বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : ধলাই বিধানসভা কেন্দ্রের দার্বি চা-বাগানের চা বাগান শ্রমিকদের মধ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্প “এটি কলি দু’টি পাত” প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে শুক্রবার। এদিন দার্বি চা-বাগান নাচঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চা-বাগান শ্রমিকদের মধ্যে ৫০০০ টাকার চেক তুলে দেন ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস।
চেক বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন, একমাত্র বিজেপি সরকারই চা শ্রমিকদের উন্নয়নের চিন্তা করছে। তিনি বলেন, চা-বাগান শ্রমিকদের কল্যাণে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়িত করে চলছে। চা-বাগান এলাকায় স্কুল, কলেজ স্থাপন , রাস্তাঘাট নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। বিধায়ক বলেন ৩৬ লক্ষ টাকা ব্যয়ে দার্বি চা-বাগানের নাচঘরের নির্মাণ কাজ কিছু দিনের মধ্যে আরম্ভ করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কাছাড় জেলা সম্পাদক পরেশ তাঁতি বলেন বিজেপি সরকারের কার্য্যকালে চা বাগানে শিক্ষার মান উন্নয়নের জন্য চা-বাগান এলাকায় মডেল স্কুল স্থাপন করে বর্তমানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। শুধু তাই নয় চা বাগিচা মজুরি ক্ষতিপূরণ, প্রকল্পের মাধ্যমে গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য ১৫০০০ টাকা করে প্রদান করেছে সরকার। বিজেপি সরকার চা শ্রমিকদের কল্যাণের কাজ করছে তাই সরকারের পাশে থাকতে সবাইকে আহ্বান জানান তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন ধলাই নরসিংহপুর উন্নয়ন খণ্ডের সহকারী আধিকারিক এস মেরাবাবু সিংহ, জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি, বাগান ম্যানেজার মুকেশ বরা, দার্বি জিপি সভাপতি রাম সিংহাসন গোয়ালা, বাগান পঞ্চায়েত গোলাপ যাদব প্রমুখ। উপস্থিত ছিলেন বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল সহ সভাপতি প্রদীপ কানু, পার্থ সেন ও সরিতা সিং, চা মোর্চার সামাজিক মাধ্যম ইনচার্জ রাজেন চাষা, সমাজকর্মী রাধেশ্যাম প্রজাপতি, বাগান পঞ্চায়েত নানকা পাশী, সনাতন পাশী, পঞ্চম রবিদাস, শিবশংকর রবিদাস প্রমুখ। এদিন দার্বি চা-বাগানের শ্রমিকদের মধ্যে মোট ৮৩২টি চেক বিতরণ করা হয়।



