রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : ভাগা বাজারে চলমান আনন্দমেলা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ধলাই থানার মহিলা পুলিশ অফিসার পাপুলি দোয়ারা এবং সেকেন্ড অফিসার জুনুরঞ্জন দেওরির নেতৃত্বে সাদা পোশাকের একটি পুলিশ দল মেলায় অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে মেলায় উপস্থিত এক যুবককে গোপনে মাদক বিক্রি করতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। ধৃত যুবকের নাম নুর ইসলাম (২২)। সে শেমাচরণপুর গ্রাম পঞ্চায়েতের সরসপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ অভিযুক্তের কাছ থেকে ছোট ছোট প্লাস্টিকের কৌটায় রাখা মাদকভর্তি মোট ২৬টি কৌটা উদ্ধার করে। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে যুবককে গ্রেফতার করা হয়েছে। আনন্দমেলার মতো জনসমাগমপূর্ণ স্থানে মাদক উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।



