শিলচরে মাজিরখালে নয়া আরসিসি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : কাছাড় জেলার শিলচার বিধানসভা কেন্দ্রের অধীন উজানগ্রাম–বুড়িবাইল ফেরিঘাট সড়কে মাজিরখাল নদীর উপর নির্মিত আরসিসি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পূর্ত বিভাগের (সড়ক) বিভাগ, অসম সরকারের উদ্যোগে এবং এসওপিডি-জি  প্রকল্পের অধীনে ২০২৪-২৫ অর্থবর্ষে ১১৫.৫৯ লক্ষ টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ শুরু হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

তিনি বলেন, “এই সেতু নির্মিত হলে এলাকাবাসীর যাতায়াতের দীর্ঘদিনের সমস্যা দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। এটি স্থানীয় অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।” অনুষ্ঠানে জিপি সভাপতি অপর্ণা দাস, পিডব্লিউডির এসডিও মোহিতরঞ্জন দাস, জেই অভিজিৎ পাল, প্রাক্তন জিপি সভাপতি রঞ্জন রায়, কৃষ্ণপুর ভৈরবনগর জিপি সভাপতির প্রতিনিধি জিনুক বড়ভূইয়া, সমাজসেবী পুতুল রায় ও শম্ভু চক্রবর্তী, শিক্ষক হীরা দাস, মোহন দাসসহ গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। প্রকল্পের ঠিকাদার আজাদ লস্কর কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করবেন বলে জানানো হয়েছে। এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, সেতু তৈরি হলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যে ব্যাপক সুবিধা পাওয়া যাবে।  উনারা আরও বলেন, “বহুদিনের প্রতীক্ষিত এই সেতু বাস্তবায়িত হলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বাণিজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা মিলবে। এটি আমাদের এলাকার উন্নয়নে মাইলফলক স্থাপন করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *