করিমগঞ্জে কংগ্রেসের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালন

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবন প্রাঙ্গণে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকাল ৮টায় করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পূর্বে কংগ্রেসের সহযোগী সংগঠন সেবা দলের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।পতাকা উত্তোলন শেষে উপস্থিত নেতা–কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, আজকের এই পবিত্র দিনে আমরা দেশের সকল স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই দিনেই আমাদের দেশের মহান সংবিধান রচিত হয়েছিল, যা দেশের গণতন্ত্র ও নাগরিক অধিকারের ভিত্তি।

তিনি আরও বলেন, “সংবিধান প্রণেতা ডক্টর ভিমরাও আম্বেদকর সহ যে সাতজন বিশিষ্ট ব্যক্তিত্ব সংবিধান রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, আজ আমরা তাঁদের সকলকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি।বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাপস পুরকায়স্থ বলেন, “আজ সংবিধানকে পদদলিত করার চেষ্টা চলছে। এই সরকারের নেতৃত্বে কিছু সংখ্যক মানুষ পরিকল্পিতভাবে সংবিধানের ওপর আঘাত হানতে সচেষ্ট। কিন্তু আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে এই সংবিধান রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, দেশ আজ এক গভীর দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এনআরসি ও এসার ইস্যু নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্ত ও আতঙ্কিত। প্রকৃত ভোটারদের হেনস্তা করা হচ্ছে, যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। কংগ্রেস দল সবসময় আমজনতার পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।” জেলা কংগ্রেস সভাপতি আরও বলেন, যতক্ষণ প্রাণ আছে দেহে, ততক্ষণ দেশের সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে আমরা লড়াই চালিয়ে যাব। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কংগ্রেস দল আপসহীনভাবে রুখে দাঁড়াবে।

এদিনের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, জেলা কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী, বিশ্বজিৎ ঘোষ, সুব্রত দেব, নবেন্দু শর্মা, জাকারিয়া আহমদ পান্না, শুভঙ্কর দাস, সন্দীপ নন্দী, অনুরাগ দত্ত, অহিরঞ্জন দে, ধ্রুবজ্যোতি দাস, রাজা দত্ত বণিক, রিনা চক্রবর্তী, প্রদীপ কুরি, ভিকি কুরি, মানিক দাস সহ বহু কংগ্রেস নেতা–কর্মী ও সমর্থকরা।সমগ্র অনুষ্ঠানটি দেশাত্মবোধক পরিবেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *