ব্রহ্মপুত্রে ভয়াবহ দুর্ঘটনা, নৌকা ডুবে ৭ জন নিখোঁজ

বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : বরপেটা জেলার চেঙ্গা বিধানসভা এলাকার রহমপুরে ব্রহ্মপুত্র নদীতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৭ জন যাত্রী নিখোঁজ হয়েছেন। ঘটনাটি নিয়ে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার ব্রহ্মপুত্র নদীতে চলাচলরত একটি ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকা হঠাৎ ডুবে যায়। নৌকাটিতে প্রায় ২৭ থেকে ৩২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার ফলে অন্তত ৭ জন যাত্রী নিখোঁজ হন, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন।

জানা গেছে, নৌকাটি সব ধরনের নিরাপত্তা বিধি উপেক্ষা করে চলাচল করছিল। যাত্রীদের কাউকেই লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। তীব্র স্রোত উপেক্ষা করে নদীর মাঝখান দিয়ে নৌকা চালানোর ফলেই দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও জেলেরা প্রথমে উদ্ধার অভিযান শুরু করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তবে এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা ও সতর্কবার্তা থাকা সত্ত্বেও প্রতিদিন নিয়ম লঙ্ঘন করে নৌকা চলাচল করা হয়, যার ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তী সময়ে আরও তথ্য সামনে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *