বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : চেন্নাইয়ে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শিলচর তারাপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও খুদে প্যারা খেলোয়াড় বিপ্রজিত দেব ব্রোঞ্জ পদক অর্জন করে ইতিহাস রচনা করেছেন। কোয়ার্টার ফাইনালে মহারাষ্ট্রের নীতিন গোখলেকে ৩-১ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠে আসা বিপ্রজিত সেমিফাইনালে তেলেঙ্গানার হিতেশ দলওয়ানির কাছে ০-৩ ফলে পরাজিত হন। স্কোর ছিল ৬-১১, ৮-১১, ১০-১২।
তারাপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ সহ শিক্ষক-শিক্ষিকা ও পরিচিত মহল এই সাফল্যে আনন্দিত হয়ে বিপ্রজিতকে অভিনন্দন জানিয়েছেন। তারা আগামী দিনে টেবিল টেনিস খেলায় তার আরও উন্নতির কামনা করেছেন। শিলচরের এই উদীয়মান খেলোয়াড়ের অর্জন স্থানীয় যুবকদের জন্য বড় অনুপ্রেরণা যোগিয়েছে।



