মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : পাথারকান্দিতে জাতীয় পতাকার গুরুতর অবমাননার ঘটনায় সর্বত্র তীব্র ক্ষোভ ও নিন্দা ছড়িয়ে পড়েছে। এক শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিধি লঙ্ঘনের অভিযোগ সামনে আসায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সোমবার পাথারকান্দি শিক্ষা খণ্ডের অন্তর্গত ২৪১ নম্বর উনামগ্রাম এলপি স্কুলে প্রজাতন্ত্র দিবসে উত্তোলিত জাতীয় পতাকা সূর্যাস্তের বহু সময় পরও নামানো হয়নি। রাত সাড়ে আটটা পর্যন্ত পতাকা উত্তোলিত অবস্থায় থাকা জাতীয় পতাকা সংহিতা ও সাংবিধানিক শিষ্টাচারের স্পষ্ট ও গুরুতর লঙ্ঘন বলে মনে করছেন সচেতন মহল।
একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমন দায়িত্বহীনতা ও অবহেলা দেশবাসীর কাছে অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয় বলে মত প্রকাশ করেছেন স্থানীয়রা। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধের শিক্ষা দেওয়ার কথা, সেখানে জাতীয় পতাকার প্রতি এমন অবজ্ঞা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয় বলে মনে করা হচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই পাথারকান্দি জুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। স্থানীয় নাগরিক, অভিভাবক ও সমাজকর্মীরা একযোগে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তদন্ত শুরু এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।



