পুরস্কার বিতরণের মাধ্যমে সম্পন্ন নেতাজি জন্ম জয়ন্তী উদযাপন কমিটির অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে নেতাজি জন্ম জয়ন্তী উদযাপন কমিটি, হাইলাকান্দি-র উদ্যোগে আজ ২৫ জানুয়ারি সকাল ৯টা থেকে গ্রাহাম এমভি স্কুল প্রাঙ্গণে বিভিন্ন কার্য্যসূচীর আয়োজন করা হয়। কার্য্যসূচির মধ্যে ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি, অবসরপ্রাপ্ত অধ্যাপক বরুণ কুমার সিংহ। সভায় বক্তব্য রাখেন কমিটির সহ-সম্পাদক সৌম্য কান্তি ভট্টাচার্য, হাইলাকান্দি বার-এর বিশিষ্ট আইনজীবী দিলীপ ভট্টাচার্য, ময়ুখ ভট্টাচার্য এবং সুব্রত পুরকায়স্থ। বক্তারা তাঁদের বক্তব্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বর্ণাঢ্য জীবনসংগ্রাম, দেশপ্রেম ও আত্মত্যাগের আদর্শ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে নিয়মিত নেতাজি চর্চায় আগ্রহী হয়ে ওঠার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন রজত সেনগুপ্ত।

অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ‘ক’ বিভাগে প্রথম পুরস্কার অর্জন করে মাহি দেবনাথ, দ্বিতীয় অংশুমান দত্ত এবং তৃতীয় স্থান অধিকার করে প্রিয়ম চক্রবর্তী। ‘খ’ বিভাগে প্রথম দেবাঞ্জলি শর্মা, দ্বিতীয় শুভজিৎ দাস এবং তৃতীয় পরমিত পাল পুরস্কৃত হয়। ‘গ’ বিভাগে পুরস্কার প্রাপ্ত প্রতিযোগীরা হল মৈত্রী দাস, রিতিশা দেবনাথ ও প্রীতম ছেত্রী।

অনুষ্ঠানের শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অতিথিবৃন্দ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও দেশাত্মবোধক কর্মসূচি আয়োজনের জন্য উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *