শিলচর শহরে ফের চুরির ঘটনা, সাংবাদিকের বাড়িতে দুঃসাহসিক লুট

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : শিলচর শহরে ফের চুরির ঘটনা সামনে এসেছে। রবিবার ভোরে শিলচর কলেজ রোড এলাকার আজাদহিন্দ রোডে সাংবাদিক আশিস দাসের বাড়িতে সংঘটিত হয় এক দুঃসাহসিক চুরির ঘটনা। ঘটনার বিবরণ দিতে গিয়ে সাংবাদিক আশিস দাসের স্ত্রী ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ঘুম থেকে উঠে তাঁরা দেখতে পান বাড়ির দরজা খোলা এবং জানালার গ্রিল খুলে নিচে রাখা। এরপর ঘরের ভেতরে প্রবেশ করে দেখা যায়, আলমারি তছনছ করা হয়েছে। আলমারিতে রাখা নগদ অর্থসহ প্রায় ১০ ভরি সোনার অলঙ্কার চোরের দল নিয়ে গেছে।

হঠাৎ এই ঘটনা দেখে পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে শিলচর ন্যাশনাল হাইওয়ে আউট পোস্টে খবর দেওয়া হয়। খবর পেয়ে আউট পোস্টের ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। গোয়েন্দা কুকুর সঙ্গে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় পুলিশি টহল আরও জোরদার করতে হবে এবং চোরের দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অতি শীঘ্রই চোরের দলকে আটক করে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে।
শিলচরে একের পর এক চুরির ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এখন দেখার, পুলিশ কত দ্রুত চোরের দলকে গ্রেফতার করে এলাকায় স্বস্তি ফেরাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *