দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : শিলচর আলিয়া মাদ্রাসার ৮৬তম বার্ষিক জলসা ও দস্তারবন্দি মহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে বিকাল ২টা ৩০ মিনিট পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের সূচনা হয় সকাল ৯টায় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর পবিত্র কোরান খতম ও খতমে খাজেগান অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ছাত্রদের কিরাত ও নাতে রাসুল পরিবেশন অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।
মুল পর্ব অনুষ্ঠিত হয় সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মওলানা সাব্বির আহমদ লস্কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্পাদক জাকির আহমদ লস্কর, শিক্ষক মওলানা মকবুল হোসেন, মওলানা সাকির হোসেন, মওলানা সাব্বির আহমেদ, মওলানা রিজুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস সহ অন্যান্য আলেম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শিক জীবনে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দস্তারবন্দি অনুষ্ঠিত হয়। এতে হিফজ বিভাগ থেকে ৭ জন এবং মৌলভি বিভাগ থেকে ১২ জন শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সনদ প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
শেষে মিলাদ ও দোয়া মহফিল এবং শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।



