বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র প্রস্তুতের উদ্দেশ্যে ‘পরামর্শ গ্রহণ অভিযান’ শীর্ষক একটি কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে তিনি একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুয়াহাটিতে আসবেন। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। খানাপাড়ায় বুথ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রায় ২৫ হাজার বুথ থেকে ৭৫ হাজার কর্মকর্তার উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হবে। সভাটি আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই আয়োজন করা হবে।
প্রধানমন্ত্রী গুয়াহাটি-উত্তর গুয়াহাটিকে সংযুক্তকারী সেতুর উদ্বোধন করবেন। গুয়াহাটিতে অবস্থিত আইআইএম-এর নতুন ক্যাম্পাসও উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি ১০০টি নতুন বৈদ্যুতিক বাসেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। ভারত সরকার অসম সরকারকে ১০০টি ইলেকট্রিক বাস প্রদান করেছে। এছাড়া ডিব্রুগড়েও প্রধানমন্ত্রীর একটি জনসভা অনুষ্ঠিত হতে পারে।”
তিনি, ভূপেশ বাঘেল সংক্রান্ত ভিডিও প্রসঙ্গে বলেন, “ভূপেশ বাঘেল মহাদেব বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেন করেছিলেন। হাজার হাজার কোটি টাকা মহাদেব বেটিং অ্যাপের মাধ্যমে দুবাইয়ে স্থানান্তর করা হয়েছিল। এই ঘটনায় তাঁর পরিবারের কয়েকজন সদস্য গ্রেফতার হয়েছেন। ভূপেশ বাঘেলের বিরুদ্ধেও তদন্ত চলছে।
দ্বিতীয়ত, একটি অশ্লীল সিডি প্রকাশের ঘটনা ছিল। মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি আদালত থেকে কিছুটা স্বস্তি পেয়েছিলেন, কিন্তু সিবিআইয়ের বিশেষ আদালত ভূপেশ বাঘেলের বিরুদ্ধে মামলা চলবে বলে রায় দিয়েছে।”
উচ্ছেদ অভিযান প্রসঙ্গে বক্তব্য মুখ্যমন্ত্রী বলেন, “গুয়াহাটির পাহাড়ে অবৈধ দখল করা মিঞাদের বিরুদ্ধেই উচ্ছেদ অভিযান চালানো হবে। কোনও অসমিয়ার বিরুদ্ধে নয় এই অভিযান। কিছু মহল মিথ্যা খবর প্রচার করছে।” এছাড়াও উচ্ছেদ অভিযান নিয়ে অসমবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।



