১৫ ফেব্রুয়ারির পর বরাকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হবে : মুখ্যমন্ত্রী

Spread the news

শ্রীভূমিতে ১৪ হাজারেরও বেশি মহিলার মধ্যে উদ্যোমিতার চেক বণ্টন____

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : নারী ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘মহিলা উদ্যোমিতা প্রক্ল’-র অধীনে শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে এক ঐতিহাসিক কর্মসূচির সাক্ষী থাকল। মঙ্গলবার উত্তর করিমগঞ্জ বিধানসভার শ্রীভূমি জেলা সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ১৪,১৩৪ জন মহিলার হাতে প্রত্যেকে ১০ হাজার টাকা করে চেক তুলে দেন। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল ১০টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও, মহিলাদের উৎসাহ ও আগ্রহ এতটাই ছিল যে বহু মহিলা ভোর ৫টা থেকেই সভাস্থলে এসে উপস্থিত হন।

মুখ্যমন্ত্রী নিজেও তাঁর বক্তব্যে এই বিষয়টি উল্লেখ করে বলেন, মহিলা উদ্যোমিতা প্রকল্প আজ রাজ্যের সবচেয়ে জনপ্রিয় ও সফল প্রকল্পগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মৎস্য ও পশুপালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, খাদ্য ও অসামরিক সরবরাহ দপ্তরের মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক বিজয় মালাকার, সাংসদ কৃপানাথ মালা, প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশনরঞ্জন দাস, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিজেপি নেতা বিশ্বরুপ ভট্টাচার্য জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী, শ্রীভূমি পুরসভার চেয়ারম্যান রবিন্দ্র দেব সহ অন্যান্যরা।  উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে এই আঁচনির মাধ্যমে গ্রাম ও শহরের মহিলারা যেভাবে আত্মনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছেন, তার প্রশংসা করেন।

মুখ্যমন্ত্রী জানান, মহিলা উদ্যোমিতা প্রকল্পের আওতায় ইতিমধ্যেই অসমের ৭৮টি বিধানসভা কেন্দ্রে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। রাজ্যের মোট ৩২ লক্ষ মহিলার মধ্যে বর্তমানে ৮ লক্ষ মহিলা ‘লাখপতি বাইদেউ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রেও এই সাফল্যের প্রতিফলন দেখা যাচ্ছে। বর্তমানে এই কেন্দ্রে ২ হাজার ‘লাখপতি বাইদেউ’ রয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানান।এদিন উত্তর করিমগঞ্জবাসীর জন্য আরও একটি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, এই বিধানসভা কেন্দ্রে মহিলার সহায়তার জন্য আরও ২ হাজার অরুণোদয় সুবিধাভোগী অন্তর্ভুক্ত করা হবে। এই ঘোষণায় উপস্থিত মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।রাজনৈতিক প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান, আগামী ১৫ ফেব্রুয়ারির পর বরাক উপত্যকার বিজেপি দলের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।এছাড়াও শ্রীভূমি জেলার সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী আরও একটি উল্লেখযোগ্য ঘোষণা করেন। তিনি শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার খেলাধুলার মাঠের উন্নয়নের জন্য ১০ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প অনুমোদনের কথা জানান। এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে বলে আশা প্রকাশ করেন তিনি। সব মিলিয়ে, মহিলা উদ্যোগিতা প্রকল্পের অধীনে আজকের এই কর্মসূচি উত্তর করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার উন্নয়ন ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *