ঘরের উপর ডাম্পার, ঘুমন্ত অবস্থাতই প্রাণ হারালেন মা ও মেয়ে

Spread the news

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : দক্ষিণ কামরূপ জেলার গরৈমারী বরভিটা এলাকায় গভীর রাতে এক হৃদয়বিদারক ঘটনা। ঘুমন্ত অবস্থাতই প্রাণ হারালেন মা ও মেয়ে। একটি বালি বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঁচা বাড়ির ওপর উল্টে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় সালেহা খাতুন ও তাঁর কন্যা নাজমা খাতুনের।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারটির সদস্যরা বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বালি ভর্তি ডাম্পারটি বাড়ির ওপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বাড়িটি ধসে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান পরিবারের একাধিক সদস্য। প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন এবং পরে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত হন পরিবারের আরও তিনজন সদস্য। তাঁদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এলাকায় নিয়ম না মেনে রাতের বেলা ভারী যান চলাচল করায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং দায়ী ডাম্পার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *