বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : উধারবন্দ কেন্দ্রে অগণ পরিষদের বুথ সম্মিলনী সভা একটি বিবাহ ভবনে অনুষ্ঠিত হয়। শনিবার এই সভায় কেন্দ্র বুথ লেভেল কমিটির সকল পদাধিকারী উপস্থিত ছিলেন এবং তারা সমষ্টির অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে বিভিন্ন দাবি-দাওয়া রাখেন। স্থানীয় জনগণের পক্ষ থেকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে এই সমষ্টি থেকে দু’জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে—মণিতন সিংহ এবং অগপর দীর্ঘদিনের সৈনিক, সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দর হোসেন লস্কর। এই প্রস্তাব দলের হাইকমান্ডের কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে
সভার শুরুতে দলীয় পতাকা উত্তোলন করেন অগপ দলের বরাক উপত্যকার পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় কমিটির সম্পাদক কেএইচ বিমেলেন্দু সিংহ। উদারবন্দ সমষ্টির বুথ কমিটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় সাধারণ জনগণ এই নামগুলো প্রস্তাব করেছে। সভায় জেলা কমিটির সভাপতি নজমূল হুসেইন মজুমদার, কার্যকরী সভাপতি মনিতন সিংহ, সাধারণ সম্পাদক মুমিনুল লস্কর, সম্পাদক রিয়াজুল হক বড়ভুয়া, যুবপরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হুসেন লস্কর, জেলা কৃষক পরিষদের সভাপতি আহমেদ শাহিদ বড়ভুয়া, সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দর হুসেন লস্কর, যুবপরিষদের সভাপতি রূপন মোদকসহ দলের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন মহিলা জেলা পরিষদের সম্পাদিকা শারিকা আজমি বড়ভূইয়া।
অগপর এই উদ্যোগ কেন্দ্রে সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে বলে স্থানীয় নেতারা আশা প্রকাশ করেছেন। বিমেলেন্দু সিংহ বলেন, “উধারবন্দ কেন্দ্রে এক সময় অগপর বিধায়ক ছিলেন, তখন উন্নয়নের ক্ষেত্রে উদারবন্দ এগিয়ে ছিল। পরবর্তী সময়ে কংগ্রেসের শাসনকালে তার ঘাটতি দেখা দেয়। সেই সঙ্গে সংগঠনকে ঐক্যবদ্ধ করার বিশেষভাবে গুরুত্ব আরোপ করতে হবে।” জেলা সভাপতি নজমুল হুসেন মজুমদার বলেন, “সাংগঠনিক শক্তি জনগণের কল্যাণে হওয়া চাই। জনকল্যাণের ভিত্তিতেই অগপর গ্রহণযোগ্যতা বেড়েছে এবং আগামীতে আরও বাড়বে।” এই সভা অগপ দলের ভিত্তি পর্যায়ে সক্রিয়তা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ভূমিকা রাখবে।



