বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : ফের মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। আট কোটি টাকার বেশী মাদক উদ্ধার সহ তিনজনকে আটক করে পুলিশ। শুক্রবার রাতে সোনাইয়ের কচুদরম চতুর্থ খণ্ডের গাঙ্গুলি এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে অভিযানে পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে।
জানা গেছে, অভিযানে অভিযুক্তদের কাছ থেকে প্রায় ১ কেজি ৩৫৭ গ্রাম মর্ফিন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট তিনজনকে আটক করা হয়েছে। ধৃতরা হল বাঁশকান্দির যুবক রুহুল আলম লস্কর (৪১), কচুদরম চতুর্থ খণ্ডের মইনুল হক লস্কর (৫৩) ও লক্ষীপুরের চিরিপারের বাসিন্দা সিরাজুল হক (৩৬)।
পুলিশ জানিয়েছে, মাদক পাচারের সঙ্গে জড়িত এই চক্রের খতিয়ে দেখতে ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। সূত্রের খবর এই মাদক এর কালবাজার মূল্য প্রায় ৮.২ কোটি টাকা।



