‘এনআরসি নয়, জনগণনা নয়’ স্লোগানে মশাল মিছিল, কাকচিংয়ে কাঁদানে গ্যাস

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট: ‘এনআরসি নয়, জনগণনা নয়’ স্লোগান তুলে আয়োজিত একটি মশাল মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মণিপুরের কাকচিংয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

জানা গেছে, রবিবার রাতে ওয়াবাগাই, হিয়াংলাম ও সংলগ্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ ওয়াবাগাই-হিয়াংলাম লামখাই বাজার থেকে মশাল মিছিল বের করেন। এনআরসি ছাড়াই জনগণনা পরিচালনা এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের (আইডিপি) পুনর্বাসন না করার প্রতিবাদে তাঁরা বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি কাকচিং জেলা সদর দফতরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কেইরাক ড্যাম এলাকায় তাঁদের আটকে দেয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে। ঘটনায় অন্তত সাতজনকে আটক করা হয়েছিল বলে জানা গেছে। তাঁদের মধ্যে চারজন মহিলা ছিলেন। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *