বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : ধুবড়িতে শিক্ষা সম্মেলনের আয়োজন করে ছাত্র সংগঠন এআইডিএসও ধুবড়ি জেলা কাউন্সিল। বৃহস্পতিবার সংগঠনের রাজ্য কাউন্সিলের সভাপতি হিল্লোল ভট্টাচার্যের সভাপতিত্ব সম্মেলনে বক্তব্য রাখেন প্রাক্তন রাজ্য সভাপতি প্রজ্জ্বল দেব, রাজ্য পরিষদের সম্পাদক হেমন্ত পেগু সহ অন্যান্যরা। বক্তারা সরকারি স্কুল ধ্বংসের মূল কারণ হিসেবে সরকারের শিক্ষাবিরোধী নীতির উপর বিস্তারিত আলোচনা করেন এবং সকল শিক্ষাপ্রেমীদের জনশিক্ষার এই মৌলিক সমস্যাগুলি সমাধানের জন্য একটি শক্তিশালী গণতান্ত্রিক শিক্ষা আন্দোলন গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। সম্মেলনে শিক্ষার কেন্দ্রীকরণ, ধুবড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত যাত্রীবাহী রেল পরিষেবার উন্নতি এবং ব্রহ্মপুত্র নদীর ভাঙন রোধের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে তিনটি প্রস্তাব গৃহীত হয়।
এ দিন সম্মেলন শেষে ব্রহ্মপুত্র নদের ভাঙন স্থায়ীভাবে প্রতিরোধ করা, জনগণের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে এক মিছিল করে জেলা কমিশনার কার্যালয়ে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর জেলা কমিশনার মারফতে মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।



