বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : বিশিষ্ট সাংবাদিক তথা মিজোরাম পোস্টের সম্পাদক বিভূতিভূষণ গোস্বামীকে ‘জ্যোতিলাল চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার’ প্রদান করল বরাক নাগরিক সংসদ। বুধবার শিলচর প্রেসক্লাবে সাংবাদিক, অধ্যাপক-সমাজচিন্তক জ্যোতিলাল চৌধুরীর চতুর্থ প্রয়াণবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি এক আলোচনা সভারও আয়োজন করা হয়। আলোচনার বিষয় ছিল ‘আসন্ন বিধানসভা নির্বাচন ও জনগণের প্রত্যাশা।’
সভায় সততা ও নিষ্ঠার সঙ্গে, সামাজিক দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিয়ে সাংবাদিক-অধ্যাপক-সমাজচিন্তক জ্যোতিলাল চৌধুরী যে ভাবে সাংবাদিকতা করে গিয়েছেন, তা অবশ্যই প্রেরণার উৎস। খ্যাতনামা শিক্ষাবিদ হিসেবেও তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই অভিমত ব্যক্ত করেন বক্তারা। বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ে গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক পার্থ সরকার, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে, প্রেস ক্লাব সহ-সভাপতি রিতেন ভট্টাচার্য, বাস্তুকার খালিক চৌধুরী, কবি-সাংবাদিক স্মৃতি পাল নাথ, সাংবাদিক অসীম আচার্য, সাংবাদিক মকসুদুল চৌধুরী, সাংবাদিক শঙ্কু শর্মা, সাংবাদিক দেবদুলাল মালাকার প্রমুখ।
শুরুতে সঙ্গীত পরিবেশন করেন তিন শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য, সুপর্ণা ভট্টাচার্য ও শিবানী দাস। অনুষ্ঠানের শেষ পর্বে প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণের খবর পাওয়ার পর তাঁর স্মৃতির উদ্দেশে বিনম্র প্রণতি নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।



