বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : দেশভক্ত তরুণরাম ফুকন হায়ার সেকেন্ডারি স্কুলে তিনটি পৃথক প্রকল্পে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বেশি ব্যয়ে নির্মিত অডিটোরিয়ামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে অডিটোরিয়ামকে কেন্দ্র করে এক আলোচনা সভা আয়োজিত হয়।
বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক চক্রবর্তী বলেন, ড. হিমন্ত বিশ্বশর্মা সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে প্রাধান্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিকাঠামোগত উন্নতির জন্য ব্যাপক হারে অর্থ ব্যয় করে চলেছেন। এর ফলে রাজ্যের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেছে। আগামী দিনগুলোতেও এই সরকার সরকারি শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে বলে তিনি পূর্ণ আশাবাদী। অনুষ্ঠানে বিজেপির মধ্যশহর মণ্ডলের সভাপতি হীরক চৌধুরীসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।



