বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : শিক্ষক দিবস উপলক্ষে কাছাড় জেলায় প্রবীণ শিক্ষকদের সম্মান জানাল জেলা প্রশাসন। শনিবার ৬৫তম শিক্ষক দিবস উপলক্ষে ‘রাজ্যপাল অসম বরিষ্ঠ শিক্ষক সন্মান ২০২৬’-এর আওতায় জেলার বিভিন্ন শিক্ষা ব্লকের প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ কয়েক দশক ধরে শিক্ষকতার মাধ্যমে একাধিক প্রজন্মের শিক্ষার্থীর জীবন গড়ে তোলার ক্ষেত্রে তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়।
জেলা সদরে কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা, আইএএস এবং অতিরিক্ত জেলা আয়ুক্ত জাগৃতি কালোয়ার, জেলার প্রবীণতম অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক ৮৪ বছর বয়সি জ্যোতির্ময় চৌধুরীকে সম্মান জানান। রাজাবাজার ব্লকের প্রাথমিক স্তরে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তিনি। প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করার ক্ষেত্রে তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে গামছা, লোকভবনের পক্ষ থেকে মানপত্র এবং ফলের ঝুড়ি তুলে দেওয়া হয়।
শুধু জেলা সদরেই নয়, জেলার বিভিন্ন শিক্ষা ব্লকেও একইভাবে সম্মাননা কর্মসূচির আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা আয়ুক্ত জাগৃতি কালওয়ারের নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকার আধিকারিকেরা প্রবীণতম অবসরপ্রাপ্ত শিক্ষকদের গামছা ও ফলের ঝুড়ি দিয়ে সংবর্ধনা জানান।

সম্মানিত শিক্ষকদের মধ্যে রয়েছেন রাজাবাজারের কুমুদ গোয়ালা, নরসিংপুরের ক্ষীর মোহন মিশ্র, সোনাইয়ের শিবেন্দ্র কুমার বিশ্বাস, লক্ষীপুরের মণিমোহন সিংহ, সালচাপড়ার মঞ্জুশ্রী ভট্টাচার্য, উধারবন্দের কানাইলাল ছেত্রী এবং শিলচর আর্বানের সুনীতি নাথ।
বিভিন্ন ব্লক স্তরের অনুষ্ঠানে শিক্ষা দফতরের আধিকারিক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা শিক্ষকদের দীর্ঘদিনের নিষ্ঠা, পরিশ্রম ও সমাজ গঠনে তাঁদের অবদানের কথা স্মরণ করেন। প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীদের জ্ঞান ও মূল্যবোধে সমৃদ্ধ করে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকার প্রতিও শ্রদ্ধা জানানো হয়।



