বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : হাড়কাঁপানো শীতে কাঁপছে রাজ্যবাসী। শদিয়া থেকে ধুবড়ি—সমগ্র রাজ্যজুড়ে শীতের তীব্র প্রভাব। রাজ্যজুড়ে ঘন কুয়াশার আচ্ছাদন দেখা যাচ্ছে। ঘন কুয়াশার কারণে রাজপথে যান চলাচল ব্যাহত হচ্ছে। গরম কাপড় ও আগুন পোহানোই এখন রাজ্যবাসীর ভরসা। শীতের প্রকোপে গুয়াহাটিতে সরকারি বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত স্কুল ছুটি ঘোষণা করেছে। অন্যদিকে, বহু বেসরকারি বিদ্যালয়ে নিম্ন প্রাথমিক শ্রেণিগুলির জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি গুয়াহাটিতেও শীতের প্রকোপ বেড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ গুয়াহাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে।



