বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : গুয়াহাটির ঐতিহাসিক নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ মা কামাখ্যার মন্দিরে পুজো দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী রাজপাল যাদব। রবিবার মন্দিরে উপস্থিত হয়ে তিনি মা কামাখ্যার চরণে বিশেষ পূজার্চনা নিবেদন করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। অসমে এসে মন্দির দর্শনের সুযোগ পেয়ে তাঁর মধ্যে যথেষ্ট আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
পুজো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অসমের আতিথেয়তা, সংস্কৃতি ও মানুষের আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন অভিনেতা। পাশাপাশি অসমের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ সম্পর্কেও নিজের মতামত ও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন।
অসমের মানুষের জীবনযাত্রা, ঐতিহ্য ও খাদ্যাভ্যাসের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে রাজপাল যাদব বলেন, এখানকার ঐতিহ্যবাহী খাবার ‘ডাল-ভাত’ তাঁর অত্যন্ত পছন্দের। অসমের মানুষ খুবই আন্তরিক ও মিশুক। এখানে এসে তাঁর দারুণ ভালো লাগছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বলিউডের চলচ্চিত্রে প্রাণবন্ত অভিনয় ও অনবদ্য কৌতুক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মন জয় করে আসছেন রাজপাল যাদব। তাঁর কামাখ্যা মন্দির দর্শনকে ঘিরে অনুরাগীদের মধ্যেও উৎসাহ দেখা যায়।



