সুভাষনগর কলেজ রোড কালীপূজা কমিটির ঝুলিতে রোটারি ক্লাব গ্রেটার শিলচর সর্বশ্রেষ্ঠ কমিটি পুরস্কারের শ্রেষ্ঠত্বের শিরোপা

Spread the news

নেতাজি ছাত্র যুব সংস্থার উদ্যোগে ৩১টি কালীপূজা কমিটিকে পুরস্কার প্রদান

বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : কালীপূজার আনন্দ ও উৎসবের রেশ কাটতে না কাটতেই শহরের বিভিন্ন পূজা কমিটির সৃজনশীলতা ও উদ্যোগকে স্বীকৃতি জানাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল নেতাজি ছাত্র যুব সংস্থা। সংস্থার উদ্যোগে আয়োজিত ‘রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর সেরা কালীপূজা কমিটি পুরস্কার ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার শিলচরের গান্ধী ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর এবং সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার।

এবারের প্রতিযোগিতায় সর্বশ্রেষ্ঠ কালীপূজা কমিটির সম্মান অর্জন করেছে সুভাষনগর কলেজ রোড কালীপূজা কমিটি। মাঝারি বাজেটের বিভাগে পীযূষকান্তি দাস স্মৃতি সেরা কালীপূজা কমিটি পুরস্কার পেয়েছে ব্রাইড বয়েজ ক্লাব, হাইলাকান্দি রোড। অন্যদিকে, ছোট বাজেটের বিভাগে ছায়ারানি দাস স্মৃতি সেরা কালীপূজা পুরস্কার অর্জন করেছে ইয়ং বয়েজ ক্লাব, দুর্গাশংকর লেন, অম্বিকাপট্টি।

প্রতিমা, মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, থিম উপস্থাপনাসহ বিভিন্ন বিভাগে মোট ৩১টি কালীপূজা কমিটিকে পুরস্কার ও সম্মাননা পত্র প্রদান করা হয়। অতিথিবৃন্দের পাশাপাশি রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর, লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার এবং নেতাজি ছাত্র যুব সংস্থার কর্মকর্তারা বিজয়ী কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেন।

শুধু পুরস্কার বিতরণ নয়, এই উদ্যোগের পিছনে রয়েছে একটি সুন্দর সামাজিক ও সাংস্কৃতিক ভাবনা। শহরের বিভিন্ন প্রান্তে কালীপূজাকে ঘিরে পুজা কমিটিগুলির সৃজনশীলতা, পরিশ্রম, শিল্পবোধ ও নতুনত্বকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের আরও ভালো কাজের জন্য উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। বিশেষ করে বড় বাজেটের পাশাপাশি মাঝারি ও ছোট বাজেটের পুজা কমিটিগুলিকেও পৃথকভাবে সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে পুজা কমিটিগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক চেতনা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পুর সদস্য ঝলক চক্রবর্তী ও সজল বণিক, উপদেষ্টা বিশ্বজিৎ পাল চৌধুরী, রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সম্পাদক রোটারিয়ান রোহন যাদব, এডিটর রোটারিয়ান দেবজ্যোতি ঘোষ, আইনজীবী অজয় রায়, বিশিষ্ট ব্যবসায়ী শিখা পাল, কাউন্সিলর সাক্ষী বণিক, উত্তর গোয়ালা ও মৃণালিনী সিনহা, নেতাজি ছাত্র যুব সংস্থার ভাইস চেয়ারম্যান বাবুল রাই, সভানেত্রী মহুয়া ভৌমিক, কার্যকরী সভাপতি রণজিৎ ভট্টাচার্য, নির্ঝর দাস, অঞ্জনা দেবসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের কর্মকর্তারা।

এদিন দুপুর ২টা থেকে গান্ধী ভবনে শুরু হয় নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা। লোকনৃত্য প্রতিযোগিতা, ‘যেমন খুশি সাজো’, ফ্যাশন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বয়সের শতাধিক শিশু অংশগ্রহণ করে। ছোট ছোট প্রতিযোগীদের নাচ, সাজপোশাক ও প্রতিভার প্রকাশে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত। শিশুদের উৎসাহ দিতে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *