মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : বরাকের ভাষা সেনানী, উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক, বদরপুর নবীনচন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ নিশীথরঞ্জন দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করল বরাক যুব কল্যাণ সমিতি। সমিতির পক্ষে এ জেড এম ইকবাল খান, আহরার উদ্দিন, এস এম জাহির আব্বাস, আজহার উদ্দিন, আতিকুর রহমান প্রমুখ অধ্যাপক নিশীথরঞ্জন দাসের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন অধ্যাপক নিশিথ দাসের সঙ্গে রাজনীতি, সমাজ, শিক্ষা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে অনেক সময় আলোচনা হয়েছিল। তাঁর চিন্তা ভাবনা, যুক্তি, অভিজ্ঞতা এবং বিভিন্ন বিষয়ে গভীর বিশ্লেষণ আমাদেরকে আকৃষ্ট করত। তিনি ছিলেন একজন আদর্শবান, সৎনিষ্ঠাবান, আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। ছিলেন একজন অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষতা সম্পন্ন ব্যক্তিত্ব। সমাজের যে কোন কাজে তিনি প্রথমসারিতে থেকে নেতৃত্ব দিতেন। শিক্ষার প্রসার, সমাজসেবা এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে তাঁর অসামান্য অবদান বরাক উপত্যকাবাসী চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তাঁর প্রয়াণে সমাজ ও শিক্ষাজগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। যা সহজে পূরণ হবেনা বলে আক্ষেপ ব্যক্ত করেন ইকবাল, আহরার, জাহির, আজহার, আতিক। তাঁরা অধ্যাপক নিশীথ দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার সঙ্গে সঙ্গে প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।




