দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : কাছাড়ের সোনাইয়ে ভেজাল ডিজেল এক্সজস্ট ফ্লুইড (ডিইএফ) এবং অবৈধ ইউরিয়া তৈরির কারখানার সন্ধান পেল পুলিশ। শুক্রবার গভীর রাতে সোনাই থানার অন্তর্গত ধমালিয়া গ্রামে অভিযান চালিয়ে এই অবৈধ কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজস্থানের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ গোপন সূত্রে খবর আসে, ধমালিয়া গ্রামের বাসিন্দা সাবির আহমদ লস্করের ভাড়া নেওয়া একটি গোডাউনে দীর্ঘদিন ধরে গোপনে ভেজাল ডিইএফ এবং গাড়িতে ব্যবহারের জন্য নকল ইউরিয়া তৈরি করা হচ্ছে। এই খবরের ভিত্তিতে সোনাই পুলিশের একটি দল গোডাউনটিতে অভিযান চালায়।

অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই প্রতাপ সিং ও বিক্রম সিং নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে প্রতাপ সিং রাজস্থানের সিকর জেলার এবং বিক্রম সিং চুরু জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল তরল পদার্থ ভর্তি বালতি, ইউরিয়ার বস্তা, রাসায়নিক মেশানোর ট্যাঙ্ক, ওয়াটার ফিল্টারসহ প্রচুর খালি বালতি উদ্ধার ও বাজেয়াপ্ত করে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, সেখানে দীর্ঘদিন ধরেই ভেজাল ডিইএফ ও নকল ইউরিয়া তৈরির কারবার চলছিল।

এদিকে, গ্রেফতারের পর শনিবার ধৃত দুই যুবককে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। পরে তাদের আদালতে সোপর্দ করে সোনাই পুলিশ। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে এই চক্রের মূল অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পলাতক মূল অভিযুক্তের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ভেজাল পণ্যের এই কারবারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।



