শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : কাছাড়ের পাঁচগ্রামে পাম অয়েল প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনে ১০১ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে গোদরেজ গোষ্ঠী। এই প্রস্তাবে শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত অসম মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে জানান, প্রস্তাবিত শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ইতিমধ্যে ৩৫ একর জমি বরাদ্দ করা হয়েছে। এই কারখানায় স্থানীয়ভাবে উৎপাদিত অয়েল পাম বা পাম তেল ফল প্রক্রিয়াকরণ করা হবে।
উল্লেখ্য, বরাক উপত্যকায় বিশেষ করে কাছাড় জেলায় পাম অয়েল চাষের সম্প্রসারণে উদ্যোগী হয়েছে অসম সরকার। রাজ্যে ভোজ্য তেলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার ইতিমধ্যে চা বাগানগুলিকেও তাদের মোট জমির সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত অংশে অয়েল পাম চাষের জন্য ব্যবহারের আহ্বান জানিয়েছে।

ইতিমধ্যে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় পাম অয়েলের চাষ শুরু হয়েছে। কাছাড়ের দেওয়ান চা বাগান-সহ একাধিক এলাকায় এই চাষের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনাও করা হয়েছে।
পাঁচগ্রামে প্রস্তাবিত গোদরেজের এই প্রক্রিয়াকরণ কারখানা চালু হলে স্থানীয়ভাবে উৎপাদিত পাম ফলের বাজার ও প্রক্রিয়াকরণের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কৃষি ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতেও এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
বরাক উপত্যকায় পাম অয়েল চাষের সম্প্রসারণের পাশাপাশি উৎপাদিত ফসল প্রক্রিয়াকরণের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গোদরেজের এই ১০১ কোটি টাকার বিনিয়োগকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



