সাতসকালে পাঁচগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই মদিনাতুল উলুম মাদ্রাসা

Spread the news

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : কাছাড় জেলার পাঁচগ্রামের চৌধুরী পাড়ায় সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিধ্বংসী আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসা। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মাদ্রাসায় আগুন লাগার সময় ছাত্ররা মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিল। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আগুনের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাঁদের তৎপরতা সত্ত্বেও আগুনের ভয়াবহতায় মাদ্রাসাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

এদিকে, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কীভাবে মাদ্রাসায় আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *