পানিসাগরে গমের বস্তার আড়ালে পাচারের সময় উদ্ধার ৪৪০ কার্টন ফেনসিডিল, আটক ১

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : মাদক পাচারবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল ত্রিপুরার পানিসাগর থানার পুলিশ ও বিএসএফের যৌথ বাহিনী। গোপন সূত্রের ভিত্তিতে চেকিং চালিয়ে একটি গাড়ি আটক করে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা। গমের বস্তার আড়ালে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল এই মাদকদ্রব্য।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামের কাঁঠালতলী হয়ে পানিসাগরের দিকে একটি গাড়িতে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার করা হচ্ছে বলে গোপন খবর আসে। খবরের ভিত্তিতে বিএসএফ ও পানিসাগর থানার পুলিশ যৌথ অভিযান শুরু করে। রাজ্যে প্রবেশের মুখে পানিসাগরের চেকিং এলাকায় AS27C6843 নম্বরের গাড়িটিকে আটক করা হয়। পরে গাড়িটি থানায় নিয়ে গিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে মাদক পাচারের ঘটনা।

তল্লাশিতে গাড়ি থেকে মোট ৪৪০ কার্টন ফেনসিডিল উদ্ধার হয়। প্রতিটি কার্টনে থাকা বোতল গণনা করে প্রায় ৪৪ হাজার বোতল ফেনসিডিল পাওয়া গেছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৪৪ লক্ষ টাকা বলে জানা গেছে।

এই ঘটনায় চুড়াইবাড়ি থানাধীন কাঁঠালতলী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মোহাম্মদ আব্দুল আলির ছেলে ৩৫ বছর বয়সি মোহাম্মদ নাজির উদ্দিনকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *