আসাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও গবেষকদের বিক্ষোভ, পুলিশের আশ্বাসে আপাতত প্রত্যাহার আন্দোলন

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : পিএইচডি গবেষক বিক্রম দাসকে পুলিশি নির্যাতন এবং জাতিগত পরিচয় তুলে অপমান করার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল আসাম বিশ্ববিদ্যালয়ের শিলচর ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে বিক্ষোভে শামিল হন গবেষক, পড়ুয়া, ছাত্র সংসদের প্রতিনিধি এবং আসাম বিশ্ববিদ্যালয় রিসার্চ স্কলার্স ফোরামের (AURSF) সদস্যরা।

বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল, বিশ্ববিদ্যালয় পুলিশ আউটপোস্টের ইনচার্জ পরিতোষ শুক্লবৈদ্যকে অবিলম্বে সাসপেন্ড করা এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করা। আন্দোলনকারীদের অভিযোগ, গত ২৫ নভেম্বর পিএইচডি গবেষক বিক্রম দাসকে পুলিশ বেআইনিভাবে আটক করে শারীরিক নির্যাতন চালায়। পাশাপাশি তাঁর জাতিগত পরিচয়কে কেন্দ্র করে অপমানজনক মন্তব্য করা হয় বলেও অভিযোগ ওঠে।

এই ঘটনার প্রতিবাদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক জবাব না আসায় শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সম্মিলিতভাবে বিক্ষোভ শুরু করেন পড়ুয়া ও গবেষকরা।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছান কাছাড়ের ডিএসপি দিলরাজ পাঠক। তিনি আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে বিক্ষোভ প্রত্যাহারের আহ্বান জানান। আলোচনার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ আশ্বাস দেওয়া হলে আপাতত আন্দোলন প্রত্যাহারে সম্মত হন বিক্ষোভকারীরা। আসাম বিশ্ববিদ্যালয় রিসার্চ স্কলার্স ফোরামের সভাপতি বিশাল সোনার জানান, বিভাগীয় তদন্ত সম্পন্ন হওয়ার পর অভিযুক্ত পুলিশ আধিকারিকের সাসপেনশনের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বর্তমানে দায়িত্বে থাকা পুলিশ টিমের পরিবর্তে নতুন টিম নিয়োগের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। নতুন পুলিশ টিমকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিশেষ ওরিয়েন্টেশন কর্মসূচির মধ্য দিয়ে যেতে হবে বলেও জানানো হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও পড়ুয়াদের নিরাপত্তা এবং সার্বিক কল্যাণের স্বার্থে একাধিক দাবি জানিয়ে কাছাড়ের পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে AURSF। সংগঠনের দাবি, স্মারকলিপিতে উত্থাপিত বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে AURSF সভাপতি বিশাল সোনার বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত ঐক্য ও সংহতিই এই প্রতিবাদের মূল শক্তি। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক সদস্যের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *