ডিডিএমএ প্রকল্পে দুর্নীতি আড়াল করতে রূপম সাহার সাব-কন্ট্রাক্টররা ময়দানে: সোনাই ব্লক কংগ্রেস

Spread the news

আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : ডিডিএমএ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছিলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। তাঁর এই অভিযোগে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে বলে দাবি করেছে সোনাই ব্লক কংগ্রেস। অসংখ্য স্কুল ও অঙ্গনওয়াড়ি পরিচালন কমিটি সতর্ক হয়ে ওঠায় বিভাগীয় আধিকারিক থেকে শুরু করে ঠিকাদারদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে বলেও দাবি কংগ্রেসের। শুক্রবার সোনাই ব্লক কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতারা জেলা বিজেপি সভাপতি রূপম সাহা এবং সোনাই পুরসভার ওয়ার্ড কমিশনারদের নিশানা করেন।

ব্লক কংগ্রেস সভাপতি নাসিম আহমদ লস্কর বলেন, বিধায়ক আমিনুল হক লস্কর ডিডিএমএ প্রকল্পের কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্কুল পরিচালন কমিটিগুলিকে বরাদ্দকৃত অর্থের বিষয়ে অন্ধকারে রেখে সামান্য কাজ করে কৌশলে মোটা অঙ্কের টাকা আত্মসাতের পরিকল্পনা কার্যত ভেস্তে যেতে বসেছে বলে মন্তব্য করেন তিনি।

জেলা কংগ্রেস সম্পাদক আলম হোসেন চৌধুরী বলেন, ডিডিএমএ প্রকল্পের কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিধায়ক আমিনুল হক লস্কর বিভাগীয় আধিকারিক ও ঠিকাদারদের মুখোশ খুলে দেওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরাদ্দকৃত অর্থের কাজের জন্য এবার বিভিন্ন স্কুলে এস্টিমেট তৈরিতে দায়িত্বপ্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ারদের তৎপরতা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি সোনাই পুরসভা কার্যালয়ে বিজেপি সংগঠনের নেতৃবৃন্দ ও পুরসভার কয়েকজন ওয়ার্ড কমিশনার বিধায়ক আমিনুল হক লস্করকে নিশানা করে অযৌক্তিক মন্তব্য করেছেন বলেও অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানান আলম হোসেন।

তিনি আরও অভিযোগ করেন, সোনাইয়ের যুবকদের ঠিকাদারি কাজ থেকে বঞ্চিত রাখার কৌশল হিসেবেই অসম ত্রিবিউন পত্রিকায় ডিডিএমএ প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছিল। ডিডিএমএ প্রকল্পের কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ঘিরে সোনাই এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ার মুহূর্তে পুরসভা কার্যালয়ে ঠিকাদার রূপম সাহার সাব-কন্ট্রাক্টররা বিধায়ক আমিনুল হক লস্করকে নিশানা করে মূলত দুর্নীতি ও অনিয়মের বিষয়টি আড়াল করতে মাঠে নেমেছেন বলে অভিযোগ করেন তিনি।

আলম হোসেনের দাবি, ওই সাব-কন্ট্রাক্টররা প্রত্যেকে দু-তিনটি করে স্কুলে কাজ করার সুযোগ পেয়েছেন। তাই রূপম সাহার ভূমিকা প্রকাশ্যে আসতে শুরু করায় তাঁরা বিধায়ককে নিশানা করে অপপ্রচারে লিপ্ত হয়েছেন বলে তাঁর অভিমত। এই ধরনের প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি, বরাদ্দকৃত অর্থে যাতে যথাযথভাবে কাজ সম্পন্ন হয়, সেদিকে নজর রাখতে স্কুল পরিচালন কমিটিগুলির প্রতিও আবেদন জানান।

জেলা কিষাণ কংগ্রেস সভাপতি বাবুল আহমদ বড়ভূইয়া বলেন, দলমত নির্বিশেষে সোনাইয়ের যুবকরা বরাদ্দকৃত অর্থের কাজের ঠিকাদারি পাওয়ার সুযোগ পেলে তিনি খুশি হতেন। বিধায়ক আমিনুল হক লস্কর ডিডিএমএ প্রকল্পের বরাদ্দকৃত অর্থের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আনায় কাজ না করেই টাকা আত্মসাতের পরিকল্পনা অনেকটাই ব্যর্থ হবে বলে দাবি করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সোনাই শহর মণ্ডল কংগ্রেস সভাপতি শাহাদাত হোসেন লস্কর এবং ব্লক কংগ্রেস সহ-সভাপতি জহিরুল ইসলাম লস্কর।

এছাড়া উপস্থিত ছিলেন দিদারখোস জিপির এপি সদস্য কমর উদ্দিন আহমেদ, কাপ্তানপুর জিপির এপি সদস্য ওয়াজিদ মজুমদার, ব্লক কংগ্রেস সহ-সভাপতি জুবাইর লস্কর, সাধারণ সম্পাদক শহিদ আহমদ লস্কর, সোনাই ব্লক মহিলা কংগ্রেস সভাপতি শাহানাজ আলম লস্কর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *