ত্রিপুরার ১৬ পুর ও নগর সংস্থায় ভোটগ্রহণ, একাধিক কেন্দ্রে বাধার অভিযোগ মানিক সরকারের

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : ত্রিপুরার ১৬টি পুর ও নগর সংস্থার নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই সরগরম রাজ্য রাজনীতি। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। যদিও নির্বাচনকে ঘিরে একাধিক জায়গায় বাধা, হেনস্থা ও ভোট প্রক্রিয়া জবরদখলের অভিযোগ উঠেছে। তবে নির্বাচন শুরুর পর প্রাথমিক পর্যায়ে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।

রাজ্যের ১৬টি পুর ও নগর সংস্থায় মোট ৭৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে বিজেপির ২৬৬ জন, সিপিআইএমের ২২৮ জন, কংগ্রেসের ২০১ জন, তিপ্রা মথা পার্টির ৯ জন এবং সিপিআইয়ের ৬ জন প্রার্থী রয়েছেন। পাশাপাশি ২৩৩ জন নির্দল প্রার্থীও নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছেন। মোট ৭০৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের জন্য ৯০৯টি ভোটগ্রহণকারী দল নিয়োগ করা হয়েছে। নির্বাচনী কাজে প্রায় ৪,৬০০ জন ভোটকর্মী দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী, মোট ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৬৫ হাজার ৫১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৭৬ হাজার ৬৩১ জন, মহিলা ভোটার ২ লক্ষ ৮৮ হাজার ৮৩৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৩ জন।

এদিকে, রাজ্যের অধিকাংশ পুর ও নগর সংস্থায় অবাধ ও স্বাভাবিক ভোটগ্রহণ হচ্ছে না বলে গুরুতর অভিযোগ তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরোর প্রাক্তন সদস্য মানিক সরকার। ভোটদান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় ভোট প্রক্রিয়া জবরদখল করা হচ্ছে। তাঁর দাবি, কৈলাসহর, কুমারঘাট, পানিসাগর এবং কিছুটা সাব্রুম ছাড়া রাজ্যের অন্যত্র স্বাভাবিক ভোটগ্রহণের পরিবেশ নেই।

মানিক সরকারের অভিযোগ, আগরতলায় যেভাবে ভোট প্রক্রিয়া জবরদখল করা হয়েছে, রাজ্যের অন্যান্য এলাকাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন কেন্দ্রে কংগ্রেস ও সিপিআইএম প্রার্থীদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এমনকি বিরোধী দলের প্রার্থীদের উপর হামলার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি। তাঁর আরও অভিযোগ, মহিলা প্রার্থীরাও হামলার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে একজন জিবি হাসপাতালে এবং অন্যজন আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, আগরতলা পুর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রে প্রবেশ করতে গিয়ে বাধা ও শারীরিক হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বৈশালী মজুমদার। শুক্রবার সকালে বিজয় কুমার স্কুলের ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁর।

বৈশালী মজুমদারের বক্তব্য অনুযায়ী, নির্ধারিত সময়ের আগেই সকাল ৬টা নাগাদ তিনি পোলিং এজেন্টদের নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে যান। সেই সময় স্কুলের প্রবেশদ্বারে ২৫ থেকে ৩০ জন বিজেপি সমর্থক তাঁদের পথ আটকান বলে অভিযোগ। তাঁদের মধ্যে কয়েকজনের মুখে মাস্ক ছিল বলেও দাবি করেন তিনি।

অভিযোগ, বাধা দেওয়ার পাশাপাশি পোলিং এজেন্টদের প্রয়োজনীয় নথিপত্র ছিঁড়ে ফেলা হয় এবং তাঁদের ধাক্কাধাক্কি ও মারধর করা হয়। এমনকি তাঁকেও শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেন বৈশালী মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *