ডিলিমিটেশনে সোনাই পুরসভায় ওয়ার্ড সংখ্যা বাড়ল, ৪ জানুয়ারির মধ্যে জানানো যাবে দাবি-আপত্তি

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : সোনাই পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর প্রস্তাব সামনে রেখে ডিলিমিটেশনের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অসম সরকার। প্রকাশিত খসড়া অনুযায়ী, সোনাই পুরসভার বর্তমান ১১টি ওয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ১৩টি করার প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন দু’টি ওয়ার্ড গঠনের পাশাপাশি পুরনো ওয়ার্ডগুলির সীমানাতেও বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে।

অসম সরকারের আবাসন ও নগর বিষয়ক দপ্তরের পক্ষ থেকে গত ২৩ নভেম্বর অসম গেজেটের বিশেষ সংখ্যায় এই ডিলিমিটেশনের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

খসড়া বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর মোহনপুর ও কাপ্তানপুরের ১৮ নম্বর খণ্ডের কিছু অংশ নিয়ে নতুন ১২ নম্বর ওয়ার্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, তুলারগ্রাম দ্বিতীয় খণ্ডকে অন্তর্ভুক্ত করে গঠন করা হবে ১৩ নম্বর ওয়ার্ড। এছাড়া ১, ২, ৩, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এলাকায় তুলারগ্রাম, মাজিরগ্রাম, মোহনপুর ও কাপ্তানপুরের বিভিন্ন অংশ রাখা হয়েছে। ৮ নম্বর ওয়ার্ডে রঙ্গিরঘাট প্রথম খণ্ড, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ধনীপুর এবং ১১ নম্বর ওয়ার্ডে তুন্দুরকান্দিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।

তবে এই ডিলিমিটেশন প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খসড়া প্রকাশের দিন থেকে ৪২ দিনের মধ্যে সোনাই পুরসভার যে কোনও বাসিন্দা কিংবা করদাতা প্রস্তাবিত সীমানা নিয়ে আপত্তি বা দাবি জানাতে পারবেন। আগামী ৪ জানুয়ারি ২০২৭-এর মধ্যে কাছাড়ের জেলা কমিশনারের মাধ্যমে লিখিতভাবে এই দাবি-আপত্তি জমা দিতে হবে। প্রাপ্ত আপত্তি ও দাবিগুলি যথাযথভাবে বিবেচনা করার পরই ডিলিমিটেশন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সোনাই পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ১১ থেকে বেড়ে ১৩ হলে স্থানীয় রাজনৈতিক সমীকরণেও পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন অনেকে। নতুন ওয়ার্ড গঠন এবং সীমানা পুনর্বিন্যাসের ফলে আগামী দিনে পুরসভার রাজনৈতিক ও নির্বাচনী চিত্র কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সোনাইবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *