বিয়ের চার মাসের মধ্যেই গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, বিচার চাইতে গিয়ে আক্রান্ত বাপের বাড়ির আত্মীয়রাও!

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : বিয়ের মাত্র চার মাসের মধ্যেই গৃহবধূকে থঢ ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির পরিবারের বিরুদ্ধে। শুধু তাই নয়, পারিবারিক বিবাদ মীমাংসা করতে গিয়ে গৃহবধূর বাপের বাড়ির আত্মীয়দেরও মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে। এমনকি তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি গাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগও সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হাইলাকান্দি জেলার লালা এলাকার চারালিপুর খাটাগাঁওয়ে। জানা গেছে, শ্রীভূমি জেলার নিভিয়া এলাকার বাসিন্দা রেহিমা বেগম মজুমদারের প্রায় চার মাস আগে চারালিপুর খাটাগাঁওয়ের বাসিন্দা শামীম বাহার বড়ভূইয়ার সঙ্গে বিয়ে হয়। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছেন তিনি।

রেহিমার দাবি, বর্তমানে তিনি অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও তাঁর উপর নির্যাতন বন্ধ হয়নি। চুলের মুঠি ধরে মারধর, কিল-ঘুষি ও লাথি মারার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। এই নির্যাতনের জন্য তিনি বিশেষভাবে তাঁর স্বামী, শ্বশুর এবং স্বামীর বোনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

এদিকে, পারিবারিক বিবাদ মিটিয়ে নেওয়ার উদ্দেশ্যে গতকাল শ্বশুরবাড়ির পক্ষ থেকে নিভিয়ায় রেহিমার বাপের বাড়ির পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়। সেই খবর পেয়ে তাঁর ভাই, বোন, কাকাসহ চার-পাঁচজন আত্মীয় খাটাগাঁওয়ে শ্বশুরবাড়িতে পৌঁছান। কিন্তু সেখানে যাওয়ার পর তাঁদের একটি ঘরে আটকে রেখে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ। এমনকি তাঁদের টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেছেন অভিযোগকারীরা। পাশাপাশি তাঁদের ব্যবহৃত গাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগও উঠেছে।

পরে স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে। এই ঘটনায় শামীম বাহার বড়ভূইয়া, আলতাব হোসেন বড়ভূইয়া, বিলাল হোসেন বড়ভূইয়া, মমতা বেগম বড়ভূইয়া এবং মতিবুর হোসেন বড়ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রেহিমা বেগম।

ঘটনার পর রেহিমা বেগম মজুমদার আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়িতে একটি এফআইআর দায়ের করেছেন বলে জানা গেছে। বর্তমানে পুলিশের তদন্তের উপরই নির্ভর করছে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন। অভিযুক্তদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, আইনের উপর আস্থা রেখে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন রেহিমা এবং তাঁর পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *