বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : বিকশিত ভারত ২০৪৭-এর স্বপ্ন বাস্তবায়নে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক ন্যায়, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং জনমিতিক পরিবর্তনের মোকাবিলার ওপর গুরুত্বারোপ করে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দু’দিনের জাতীয় সেমিনার। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে এবং ভারতীয় সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের উত্তর-পূর্ব আঞ্চলিক কেন্দ্রের আর্থিক সহযোগিতায় আয়োজিত এই সেমিনারের বিষয় ‘বিকশিত ভারত ২০৪৭: জনমিতি, সমাজ ও অর্থনীতির ওপর প্রভাব’।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে সেমিনারের উদ্বোধনী অধিবেশনে স্বাগত ভাষণ দেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান তথা আয়োজক কমিটির সভাপতি রণবিজয় দাস। তিনি বলেন, বিকশিত ভারত গড়ার লক্ষ্য শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি বা পরিকাঠামোগত উন্নয়নে সীমাবদ্ধ নয়। দারিদ্র্য, বৈষম্য, লিঙ্গবৈষম্য ও সামাজিক বঞ্চনা দূর করে সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই প্রকৃত উন্নয়নের শর্ত।

মূল বক্তা হিসেবে অসম সরকারের মুখ্যমন্ত্রীর সচিবালয়ের মুখ্য অর্থনীতিবিদ ড. রৌহিন দেব দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি, শ্রমশক্তির উৎপাদনশীলতা, বেসরকারি বিনিয়োগ, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অসমের অর্থনৈতিক সম্ভাবনার প্রসঙ্গে তিনি জাগিরোডের টাটা সেমিকন্ডাক্টর প্রকল্পের উল্লেখ করে বলেন, বৃহৎ বিনিয়োগের মাধ্যমে স্থানীয় শিল্প, দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি গবেষণাকে জননীতির সঙ্গে যুক্ত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. অভিজিৎ নাথ জনমিতিক পরিবর্তন এবং ভবিষ্যতে প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় আগাম পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অ্যাকাডেমিক রেজিস্ট্রার ড. নীলেন্দু ধর যুবসমাজ, নারী, দরিদ্র জনগোষ্ঠী ও কৃষকদের বিকশিত ভারতের চারটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
এছাড়া বক্তব্য রাখেন আইকিউএসি-র অধিকর্তা ড. কে সি দাস, প্রাক্তন অধ্যাপক ড. বিভাসরঞ্জন চৌধুরী এবং শিলচর উইমেন্স কলেজের অধ্যক্ষ ড. সুজিত তেওয়ারি। তাঁরা উন্নয়নে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও পরিবেশের ভারসাম্যের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারকে ঘিরে ইতিমধ্যে শতাধিক গবেষণাপত্র জমা পড়েছে। বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান থেকে ৬৫-রও বেশি শিক্ষক, গবেষক ও পড়ুয়া কারিগরি অধিবেশনে গবেষণাপত্র উপস্থাপন করবেন। উদ্বোধনী অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপন করেন সেমিনারের সমন্বয়ক ড. প্রদীপ্তা দেব।



