কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা না করে লক্ষীপুর পুরসভার সম্ভাব্য উচ্ছেদ অভিযান চালানোর বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন শতাধিক ব্যবসায়ী ও সাধারণ নাগরিক। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টার ধরনা কর্মসূচি পালন করেন তাঁরা। কর্মসূচিতে মহিলাদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
ধরনায় অংশগ্রহণকারীদের হাতে থাকা বিভিন্ন পোস্টারে লেখা ছিল, ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসন ছাড়া ভাঙা চলবে না’, ‘গরিবের পেটে লাথি মেরে উন্নয়ন চলবে না’, ‘অন্ধকারে নকশা করে উন্নয়ন নয়’ এবং ‘দখলদাররা বহাল তবিয়তে, বুলডোজার কেন গরিবের পেটে?’—এমন নানা স্লোগান।
এদিকে, বর্তমান পূর্ত বিভাগের (পিডব্লুডি) কার্যালয়ের পূর্ব দিকের সীমানায় পার্থ ধরচৌধুরীর বাড়ির সীমানা প্রাচীর এবং পুরসভার নালার পাশে পিডব্লিউডির একটি পিলার আজ মাটি খুঁড়ে বের করা হয়। ওই পিলারের মাপ অনুযায়ী রাস্তার প্রস্থ ৪৭ ফুট বলে দাবি করা হয়। তাহলে পুর কমিশনাররা কেন রাস্তার প্রস্থ ৫২ ফুট বলে উল্লেখ করছেন, ধরনাস্থলে সেই প্রশ্নও তোলেন আন্দোলনকারীরা।

ধরনা শেষে বক্তব্য রাখতে গিয়ে দেবজ্যোতি ধরচৌধুরী বলেন, তাঁরা উন্নয়নের বিরোধী নন, তাঁরাও উন্নয়ন চান। তবে সেই উন্নয়ন সকলের সঙ্গে আলোচনা করেই করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত সরকার জনগণের স্বার্থেই কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে সরকারের চেয়েও বেশি সক্রিয় হয়ে উঠেছেন কিছু স্বার্থান্বেষী ব্যক্তি। সাধারণ মানুষের প্রতি ঔদ্ধত্য দেখিয়ে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণকে ক্ষুব্ধ করে কোনও কাজ করাই উচিত নয়। জনপ্রতিনিধিদের উচিত সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করা। জনগণ অবুঝ নয়। ব্যবসায়ীদের উপযুক্ত বিকল্প স্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর উন্নয়নের কাজ শুরু করা হোক। তাঁর কথায়, তাঁরা ঔদ্ধত্যের বিরোধী, উন্নয়নের নয়।
লক্ষীপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব ইবোইয়াইমা সিংহ বলেন, শিলচরের ফাটক বাজারের পরই লক্ষীপুর বাজারের স্থান। নথিপত্র অনুযায়ী এটি একটি ঐতিহ্যবাহী বাজার বা হেরিটেজ মার্কেট। এই বাজারকে ধ্বংস করে কোনও উন্নয়ন তাঁরা চান না। পুরসভার হাতে থাকা প্রচুর জমি দখলমুক্ত করে বাজার সম্প্রসারণের মাধ্যমে উন্নয়ন করা যেতে পারে বলেও মত প্রকাশ করেন তিনি।

রাস্তার প্রস্তাবিত ৫২ ফুটের পরিবর্তে ৪৭ ফুট করার দাবি জানান ইবোইয়াইমা সিংহ। পাশাপাশি লক্ষীপুর শহরে দীর্ঘদিন ধরে একটি মাত্র প্রধান রাস্তার উপর নির্ভরশীলতা কমাতে ফুলেরতল বাইপাস থেকে বেদখল হয়ে থাকা সেচ বিভাগের বাঁধের উপর দিয়ে বিকল্প রাস্তা নির্মাণ করে পূর্ণগ্রাম পর্যন্ত সম্প্রসারণের দাবিও জানান তিনি। তাঁর মতে, লক্ষীপুরের মূল সড়কে এত বড় ডিভাইডারের পরিবর্তে একটি সাধারণ ডিভাইডার থাকলেই ভালো হতো।
তিনি আরও বলেন, লক্ষীপুর শহর গড়ে ওঠার আগে যখন এখানে ভিলেজ অথরিটি ছিল, তখন থেকেই বংশপরম্পরায় ব্যবসা করে আসছেন বহু ব্যবসায়ী। আজ উচ্ছেদের নামে তাঁদের জীবিকা কেড়ে নেওয়া কোনওভাবেই কাম্য নয়।
এদিন ধরনা কর্মসূচিতে কৃষ্ণ সাহা, কিশোর দাস-সহ কয়েকজন ব্যবসায়ী এবং মহিলা ব্যবসায়ীও বক্তব্য রাখেন। সম্ভাব্য উচ্ছেদকে কেন্দ্র করে নিজেদের ক্ষোভ ও আপত্তির কথা তুলে ধরেন তাঁরা। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনওভাবেই উচ্ছেদ অভিযান চালানো যাবে না বলে দাবি জানান আন্দোলনকারীরা।



